অবৈধ সম্পদ অর্জন
দুদক দুই এমপিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২২:২০
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক দুই এমপিসহ তিনজনের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশন অভিযোগপত্র দুটির অনুমোদন দিয়েছে। তদন্ত কর্মকর্তারা শিগগির আদালতে এগুলো জমা দেবেন।
মঙ্গলবার দুদক সচিব মো. সাইদুর রহমান খান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মামলা দুটি তদন্ত করে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
সচিব জানান, দুই কোটি ৩৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তাঁর স্ত্রী শাহীন আকতার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে। তারা পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ওই পরিমাণ সম্পদ অর্জন করেছেন। ছয়টি ব্যাংক হিসাবে তারা তিন কোটি ১৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন।
একইভাবে বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে অভিযোগপত্রে দায়িত্ব পালনকালে দুর্নীতির মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৮৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর চারটি ব্যাংক হিসাব এক হাজার ৩৫ কোটি ৮৪ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে।
সুবাস্তু ডেভেলপার কোম্পানি
আবাসন কার্যক্রম পরিচালনার নামে শত শত গ্রাহকের কষ্টার্জিত সম্পদ আত্মসাতের অভিযোগে সুবাস্তু ডেভেলপার কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তা নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। মঙ্গলবার দুদকের প্রধান কার্য়ালয়ের সহকারী পরিচালক সাজিদউর রোমান জিজ্ঞাসাবাদে তাঁর বক্তব্য গ্রহণ করেন। তাঁর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে।