দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ ঢাকা
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০১:৫৭
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
শনিবার সকাল ৮টা ১৯ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ২৪৭, যার অর্থ এ শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।
বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো, মঙ্গোলিয়ার উলানবাটার এবং চীনের জিনজিয়াং যথাক্রমে ৪১১, ২৬৬ ও ২৫৫ স্কোর নিয়ে এ তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। খবর ইউএনবির
একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে, স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়, যার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে নগরবাসী। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
অপরদিকে একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়। আর সূচকের স্কোর ১০১ থেকে ১৫০ হওয়ার অর্থ হলো বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
মাত্রাতিরিক্ত মানুষের বসবাসের নগরী ঢাকা দীর্ঘদিন ধরেই বাতাসে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ নিয়ে হিমশিম খাচ্ছে। বর্ষাকালে কিছুটা উন্নতি হতে দেখা গেলেও গ্রীষ্ম ও শীতকালে শহরটিতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়।
প্রসঙ্গত, একটি নির্দিষ্ট শহরের প্রতিদিনের বাতাসের মান নিয়ে একিউআই সূচক তৈরি করা হয়। যার মাধ্যমে একটি শহরের বাতাস কতটুকু বিশুদ্ধ বা দূষিত এবং সেই সঙ্গে ওই পরিস্থিতিতে কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে সেই তথ্য দেওয়া হয়।
