ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চীন ফেরত নাগরিকদের তালিকা তৈরির নির্দেশ

চীন ফেরত নাগরিকদের তালিকা তৈরির নির্দেশ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ২৩:২৯ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ | ০১:১০

নভেলা করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু বাড়তে থাকায় গত দুই সপ্তাহে চীন থেকে ফেরা সব নাগরিকের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের নিজ নিজ জেলায় এ তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশের কথা বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদের সভাপতিত্বে মঙ্গলবার ভাইরাস কন্ট্রোল রুমে এক বৈঠক হয়। সেখানেই চীন ফেরত নাগরিকদের তালিকা তৈরির এ নির্দেশ আসে।

সভা থেকে সিভিল সার্জনদের করোনাভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি অবহিত করে এর সংক্রমণ রোধে করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যকর্মীদের তা জানাতে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ট্রাভেল এজেন্সিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিকেও চীন ভ্রমণের বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া যায়। এ ভাইরাসে এখন পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে, কেবল চীনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৭১ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এ ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নভেল করোনাভাইরাস। 

চীনে সফর করেছেন এমন লোকজনের মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে অনেক দেশে। 

বাংলাদেশে যেন এই করোনাভাইরাস ছড়িয়ে না পড়তে পারে সেজন্য দেশের বিমানবন্দরগুলোতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইইডিসিআর জানিয়েছে, বুধবার পর্যন্ত চীন আসা ৩ হাজার ৩৪৮ জন যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে বিমানবন্দরে। তবে সন্দেহজনক কোনো রোগী মেলেনি। এখন পর্যন্ত আইইডিসিআরের হটলাইনে করোনাভাইরাস সংক্রান্ত ৯টি কল এসেছে। তবে দেশে কারও মধ্যে করোনাভাইরাস সংক্রমণের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


আরও পড়ুন

×