ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
×

শনিবার সকাল ৮টার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- বাসস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০ | ২১:৩৮ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৪৭

ইতালিতে চারদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে শনিবার সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পিএমও সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং প্রেস সচিব ইহসানুল করিম বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। খবর বাসসের

এর আগে ইতালির স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে মিলান মালপেঁসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজটি প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে দেশের উদ্দেশে রওনা হয়। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ইতালির প্রধানমন্ত্রী জিওসিপে কোঁতের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে গত ৪ ফেব্রুয়ারি ইতালির রাজধানী রোম পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোম থেকে বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী মিলান পৌঁছান।

ইতালি সফরকালে প্রধানমন্ত্রী ৫ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রী জিওসিপে কোঁতের সঙ্গে তার সরকারি বাসভবন পালাজো চিগিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং একটি আনুষ্ঠানিক মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এর আগে তিনি রোমের ভায়া ডেল অ্যান্টারাইড এলাকাস্থ বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন। অপরাহ্নে ইতালির ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর অবস্থানকালীন হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করে।

পরে প্রধানমন্ত্রী পার্কো দ্য প্রিনসিপি গ্রান্ড হোটেল অ্যান্ড স্পাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী ৬ ফেব্রুয়ারি খ্রিষ্টান ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে ভ্যাটিক্যান সিটিতে সাক্ষাৎ করেন।

এর আগে তিনি ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের ইতালির শাখার উদ্যোগে পার্কো দ্য প্রিনসিপি গ্রান্ড হোটেল অ্যান্ড স্পাতে আয়োজিত এক সংবর্ধনাতেও অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

×