ইউল্যাব সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:১৭
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইউল্যাব মিলনায়তনে অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি হিসেবে আরিফুল ইসলাম আরমান ও সাধারণ সম্পাদক হিসেবে আফিয়া পিনা মনোনীত হয়েছেন।
কমিটির বিভিন্ন পদে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ওবায়দুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক আদনান রহমান, অর্থ সম্পাদক নিশাত শারমিন, সাংগঠনিক সম্পাদক হাসনাত পিয়াস, প্রচার সম্পাদক মদিনা জাহান রিমি।
এছাড়া নির্বাহী সদস্য পদে রিয়াদ আরিফ, দাউদ রশীদ, শারমিন আখতার পিংকি, দিল আফরোজ জাহান চৈতী, আয়েশা খানম, অরিত্র অংকন মিত্র, তাসলিমা আক্তার শিখা, আলভী হোসাইনকে মনোনীত করা হয়েছে।
কমিটি গঠনের পর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের সদ্য প্রয়াত সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ব্রায়ান সুস্মিতের স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের 'মিডিয়া এডুকেশনের' ক্ষেত্রে একটি উজ্জ্বল নাম প্রফেসর ব্রায়ান। তার হাত ধরেই প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 'মিডিয়া ল্যাব'। সেই চিন্তা থেকেই আজকের বাংলাদেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক টেলিভিশন, 'ইউল্যাব টিভি', 'ইউল্যাব রেডিও' আর ক্যাম্পাস ভিত্তিক ছাপা পত্রিকা 'দ্যা ইউল্যাবিয়ান'। পরে ব্রায়ান সুস্মিতের নামে ইউল্যাব মিডিয়া ল্যাবের নতুন নামকরণ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক।
ব্রায়ানের স্মৃতিচারণ করেন মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো, বোর্ড অব ট্রাস্টিজ জুদিথা ওলমেকার, বিভাগের শিক্ষক মরিয়ম আক্তার , মুহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামীম রেজা ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়টির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ রাকিব। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
