ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

চোখ দেখাতে গিয়ে ধরা পড়লো জাহিদের দুই কিডনিই নষ্ট

চোখ দেখাতে গিয়ে ধরা পড়লো জাহিদের দুই কিডনিই নষ্ট
×

জাহিদ হাসান

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৪৬ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:০৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ফার্মেসিতে স্নাতকোত্তর শেষ করা জাহিদ হাসান সম্প্রতি একটি কম্পানিতে যোগদান করেছিলেন। সপ্তাহ তিনেক আগে চোখের সমস্যা দেখা দেয়। চোখ পরীক্ষা করাতে গিয়ে তার কিডনি রোগ ধরা পড়ে। দুটি কিডনিই তার প্রায় পুরোপুরি নষ্ট।

বাইল্যাটেরাল ক্রনিক রিন্যল প্যারেনকাইমাল ডিজিজ নামক রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেজ অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লাখ টাকা। যেটি তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। এ জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

জাহিদের বাবা ইউনুস আলী (৪৭) একজন চাল ব্যবসায়ী। তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। দুই ভাইয়ের মধ্যে জাহিদ বড়।

জাহিদের শিক্ষক ও তার পরিবার জানায়, জাহিদের চোখে রক্তক্ষরণ হওয়ায় কিছু পরীক্ষা দেন চিকিৎসক। পরীক্ষায় জাহিদের রক্তে উচ্চমাত্রার ক্রিয়েটিনিন ধরা পড়ে। পরীক্ষার পর চিকিৎসকরা জানায় জাহিদের দু’টি কিডনিই প্রায় ৯৮ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহিদকে বাঁচাতে হলে নিয়মিত ডায়ালাইসিস কিংবা কিডনি প্রতিস্থাপন করতে হবে। জাহিদের বাবা কিডনি ডোনেট করবেন। তবে এর জন্য প্রয়োজন ১৫ লাখ টাকা। তার চিকিৎসার জন্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অর্থ সংগ্রহ করছেন।

জাহিদের বাবা ইউনুস আলী বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। চিকিৎসার এত টাকা কোথায় পাব? তাই সমাজের হৃদয় ও বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছি।’

জাহিদকে সাহায্য পাঠানোর ঠিকানা: জাহিদ হাসান, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, টঙ্গী বাজার শাখা, অ্যাকাউন্ট নম্বর- ১৭৯১৫১০১৮৯০৬৫। এছাড়া জাহিদের ছোট ভাই সোহাগের ব্যক্তিগত বিকাশ নম্বরে (০১৭৫৫২৯১০১৬) টাকা পাঠানো যাবে।

আরও পড়ুন

×