ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

বাকৃবি শিক্ষার্থী হামজার খোঁজ পাওয়া যাচ্ছে না

বাকৃবি শিক্ষার্থী হামজার খোঁজ পাওয়া যাচ্ছে না
×

আহসান হাবীব হামজা

বাকৃবি সংবাদদাতা

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৩৫

দুইদিন ধরে খোঁজ মিলছে না ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী আহসান হাবীব হামজার (২৪)।

এ ব্যাপারে শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জেলার কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

হামজা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী এবং আবাসিক শহীদ নাজমুল আহসান হলে থাকতেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে।

হাজার পরিবার ও হল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিজ বাড়িতে যাবেন বলে তার বাবাকে জানয়েছিলেন হামজা। তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শপিং ব্যাগ হাতে হল থেকে বের হন। কিন্তু পরে বাড়িতে যাননি এবং হলেও ফিরে আসেননি।

শুক্রবার সকাল থেকে হামজার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাড়ি থেকে যোগাযোগ করতে না পেরে তার বাবা এবং ভগ্নিপতি শনিবার বিশ্ববিদ্যালয়ে আসেন। তারা জানিয়েছেন- শনিবার রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহের কোতয়ালি থানায় জিডি করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ের বিষয়টি জোরদার করা হবে।

আরও পড়ুন

×