ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

দুই যুগ আগের হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

দুই যুগ আগের হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:০৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:২৯

রাজধানীর মিরপুরে ডিশ ব্যবসায়ী দেওয়ান কামাল পাশা ওরফে দীপু (২৩) হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. মনির কামাল দুই যুগ আগের এই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ নাসিম, আবদুল মালেক, জয়নাল আবেদীন, ইকবাল হোসেন, জোহরা হক, ইয়াসিন, আবুল হাশেম, দুলাল ও সেলিম।

এদের মধ্যে নাসিম ছাড়া বাকিরা পলাতক। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

জানা যায়, ১৯৯৬ সালের ১৩ জানুয়ারি রাতে রাজধানীর মিরপুরস্থ দ্বিতীয় কলোনি মাজার রোডের মজিবর রহমানের দোকানের সামনে বন্ধু আলী হোসেন ও শুভর সঙ্গে বিদেশে যাওয়ার বিষয়ে আলাপ করছিলেন দীপু। রাত সাড়ে ৮টার দিকে একটি বেবিট্যাক্সিতে তিনজন অজ্ঞাত যুবক এসে ছুরি দিয়ে তার বুকের নিচে বাম পাশে আঘাত করে। এরপর তারা দ্রুত চলে যায়।

দীপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের বাবা দেওয়ান আব্দুর রহমান মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটি তদন্তের পর সিআইডি ২০০৩ সালের ২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে মামলাটি ২০০৫ সালের মার্চ মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ওই বছরের ১৫ মে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রায় ঘোষণা করেন বিচারক।

আরও পড়ুন

×