রোহিঙ্গাদের নয়, ভাসানচর বাংলাদেশিদের দেওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৪১
ভাসানচর রোহিঙ্গাদের নয়, বরং বাংলাদেশিদের ব্যবহার করতে দেওয়া উচিত বলে মত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। রোববার পররাষ্ট্রমন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন শেষে চলমান বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মত দেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, গত ১৪ ফেব্রুয়ারি তিনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব ভাসানচরসহ তিনটি এলাকা পরিদর্শন করেন। অপর দু'টি এলাকা হচ্ছে চট্টগ্রামের মীরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর' এবং মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প।
তিনি বলেন, ভাসানচরের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। চারদিকে উঁচু বাঁধের কারণে এই এলাকা এখন পানিতে তলিয়ে যাওয়ার ভয় নেই। বরং দৃষ্টিনন্দন লেক দেখে চোখ জুড়িয়ে যায়। এমন সুন্দর একটি স্থানে রোহিঙ্গাদের স্থানান্তর না করে বরং বাংলাদেশিদের জন্যই এ অঞ্চল ব্যবহার করা উচিত। পর্যটনের জন্যও এ অঞ্চলটি দারুণ আকর্ষণীয় হতে পারে।
তাহলে কি রোহিঙ্গারা ভাসানচরে স্থানান্তরিত হচ্ছে না- এ প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, সেখানে রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে কি-না সে ব্যাপারে সরকারিভাবে সিদ্ধান্ত হবে। কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে, এত সুন্দর জায়গা অবশ্যই বাংলাদেশিদের জন্যই ব্যবহার করা উচিত।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে নয়, তাদের নিজের দেশ মিয়ানমারে ফিরে যাওয়াটাই হচ্ছে সংকটের সমাধান।
'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর' ও মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প ঘুরে দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মিরসরাইয়ে যা দেখেছি তা অসাধারণ। এখানে গাড়ি তৈরিরর কারখানাসহ এমন সব শিল্পকারখানা হচ্ছে যেগুলো আগে কখনও কল্পনা করা যায়নি। প্রায় ৩০ হাজার একরের এই অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশকে অভূতপূর্ব এক সম্ভাবনার দিকে নিয়ে যাবে। আর মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প সাফল্যের সঙ্গে বাস্তবায়নের পাশাপাশি এখানে খননের ফলে গভীর সমুদ্র তৈরি হচ্ছে। এতে করে গভীর সমুদ্র বন্দর নির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্ভাবনা বাস্তবায়িত হলে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ চলাচল ও পণ্য পরিবহন খরচ অনেক কমবে।
- বিষয় :
- ভাসানচর
- রোহিঙ্গা
- পররাষ্ট্রমন্ত্রী
