ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

মানবপাচারে এমপি জড়িত থাকার খবর ভুয়া, বললেন পররাষ্ট্রমন্ত্রী

মানবপাচারে এমপি জড়িত থাকার খবর ভুয়া, বললেন পররাষ্ট্রমন্ত্রী
×

ফাইল ছবি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:০০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:০৭

কুয়েতে মানবপাচারে বাংলাদেশের একজন সংসদ সদস্যের জড়িত থাকার বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরটিকে 'ফেক (ভুয়া)' বলা যেতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন শেষে চলমান বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মত দেন। 

আব্দুল মোমেন বলেন, 'কুয়েতে বাংলাদেশের একজন সংসদ সদস্যের মানব পাচারে জড়িত থাকার বিষয়ে পত্রিকায় খবর দেখেছি। আবার সেই পত্রিকা খবরে সংশোধনীও ছেপেছে বলে জেনেছি। এর বাইরে কুয়েত সরকারের পক্ষ থেকে কিংবা কুয়েতে বাংলাদেশ মিশন থেকে এ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে এ সংক্রান্ত খবরটিকে ফেক (ভুয়া) বলা যেতে পারে।'

পররাষ্ট্রমন্ত্রী জানান, গত ১৪ ফেব্রুয়ারি তিনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব ভাসানচরসহ তিনটি এলাকা পরিদর্শন করেন। অপর দু'টি এলাকা হচ্ছে চট্টগ্রামের মীরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর' এবং মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প। 

তিনি আরও বলেন, ভাসানচরের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। চারদিকে উঁচু বাঁধের কারণে এই এলাকা এখন পানিতে তলিয়ে যাওয়ার ভয় নেই। বরং দৃষ্টিনন্দন লেক দেখে চোখ জুড়িয়ে যায়। এমন সুন্দর স্থানে রোহিঙ্গাদের স্থানান্তর না করে বরং বাংলাদেশিদের জন্যই এ অঞ্চল ব্যবহার করা উচিত। পর্যটনের জন্যও অঞ্চলটি দারুণ আকর্ষণীয় হতে পারে।

আরও পড়ুন

×