ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বগুড়ায় ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা চায় মহিলা পরিষদ

বগুড়ায় ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা চায় মহিলা পরিষদ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক ও বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৪১

বগুড়ার শাজাহানপুরে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ এবং পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি, ঘটনার শিকার গৃহবধূর সুচিকিৎসাসহ তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। 

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। এদিকে, ওই গৃহবধূর স্বামী রফিকুল ইসলামকে রোববার দুপুরে শহরের ঠনঠনিয়া বাস টার্মিনাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর বাবা আলম মণ্ডল বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেছেন।

মহিলা পরিষদের বিবৃতিতে বলা হয়, রোববার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়, বগুড়ার শাজাহানপুরে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ এবং পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে শহরের চকলোকমান এলাকায় গৃহবধূর স্বামী রফিকুল ইসলাম ও তার বন্ধু ওই নারীর হাত-মুখ বেঁধে অন্য এক ঘরে নিয়ে যায়। রফিকুল বন্ধুর কাছে ওই নারীকে তুলে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। তখন তার বন্ধু তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর দু'জন মিলে তাকে মারধর করে মাথার চুল কেটে দেয় এবং তার শরীরে আগুন ধরিয়ে দেয়।

এদিকে শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, ওই গৃহবধূর বাবা শনিবার রাতে থানায় মামলা করেছেন। মামলায় রফিকুল ইসলামসহ অজ্ঞাত ওই ধর্ষককে আসামি করা হয়েছে। দুপুরে বাসে রফিকুল পালিয়ে যাওয়ার জন্য ঠনঠনিয়া টার্মিনালে গেলে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে স্ত্রীকে ধর্ষণকারী তার সেই বন্ধুর নাম এখনও প্রকাশ করেনি রফিকুল। আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন

×