ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

ডাকঘর সঞ্চয় স্কিম সুদের আগের হার বহালের দাবি সংসদে

ডাকঘর সঞ্চয় স্কিম সুদের আগের হার বহালের দাবি সংসদে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৩৮

ডাকঘর সঞ্চয় স্কিমে আমানতের সুদের হার আগের মতো রাখার দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। রোববার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এ দাবি করেন। 

এদিন বিকেলে এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় বলেছে, সঞ্চয়পত্রের সুদের হার সরকার কমায়নি। কমেছে ডাকঘরে যে সঞ্চয় কর্মসূচি (স্কিম) রয়েছে ও সে কর্মসূচির আওতায় মানুষ যে আমানত রাখছে, তার সুদের হার। সরকারি ব্যাংকে সুদের হারের সমপর্যায়ে নিয়ে আসতে ডাকঘর সঞ্চয় ব্যাংকে আমানতের সুদের হার কমানো হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সঞ্চয় কর্মসূচির সুদের হার কমানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। সঞ্চয়পত্রের সুদের হার আগে যা ছিল, তা-ই আছে।

জাপার হুইপ পীর ফজলুর বলেন, অর্থমন্ত্রী ডাকঘরের সঞ্চয় স্কিমে সুদের হার এক ধাপে কমিয়ে ৬ শতাংশে নিয়ে এসেছেন। এ সুদের হার ছিল ১১.২৮ শতাংশ। সেটা একবারে কমিয়ে ৬-এ আনা হয়েছে। 

তিনি বলেন, বিদেশে বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার হচ্ছে, বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির টাকা আনতে পারছে না, ঋণখেলাপিরা টাকা পাচার করছে- সেসব ঠেকানো যাচ্ছে না, অথচ অর্থমন্ত্রী পেনশনভোগী ও মধ্যবিত্তদের সঞ্চয়ে হাত দিচ্ছেন।

অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, ব্যাংক ডাকাতি, টাকা আত্মসাৎ, বিদেশে টাকা পাচার বন্ধ করুন। সুদের হার আগের পর্যায়ে নিয়ে যান। ফজলুর রহমান এ নিয়ে সংসদে অর্থমন্ত্রীর বিবৃতি দাবি করেন।

আরও পড়ুন

×