ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ভুল প্রশ্ন সরবরাহের পর ঢাবির অধিভুক্ত সাত কলেজে পরীক্ষা স্থগিত

ভুল প্রশ্ন সরবরাহের পর ঢাবির অধিভুক্ত সাত কলেজে পরীক্ষা স্থগিত
×

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১০:২২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১০:২৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের দর্শন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অনিয়মিত শিক্ষার্থীদের ভুল প্রশ্ন সরবরাহ করার পর পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে বিড়ম্বনায় পড়েছেন অনিয়মিত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, এ দিন সকাল ৯টায় সাত কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের নিয়মিতদের ৭৫ নম্বর এবং অনিয়মিতদের ১০০ নম্বরের পরীক্ষা শুরু হয়। এ সময় দর্শন বিভাগের নিয়মিত ও অনিয়মিতদের আলাদা প্রশ্ন না দিয়ে সবাইকে নিয়মিতদের ৭৫ নম্বরের প্রশ্ন দেওয়া হয়। এতে বিভ্রান্তিতে পড়েন অনিয়মিত শিক্ষার্থীরা। পরে পরীক্ষা স্থগিত করে পরীক্ষা কমিটি।

ঢাকা কলেজের দর্শন বিভাগের মানোন্নয়নের শিক্ষার্থী (অনিয়মিত) নূর আমিন সমকালকে বলেন, আমাদের অনিয়মিতদের ১০০ নম্বরের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্ন দেখা যায় ৭৫ নম্বর এবং সিলেবাসের সঙ্গে কোনো মিল নেই। পরে ১০টা ৭ মিনিটের দিকে পরীক্ষা কমিটি কেন্দ্রে এসে ঘোষণা দেয়, ভুল প্রশ্ন দেওয়া হয়েছে। পরে আমাদের পরীক্ষা স্থগিত করা হয়। তবে নিয়মিতরা পরীক্ষা দিয়েছে।

পরীক্ষা কমিটির এক সদস্য ঢাবির দর্শন বিভাগের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, পরীক্ষা কমিটি যথাযথ নিয়মে প্রশ্ন প্রণয়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে জমা দেয়। একই সঙ্গে সাত কলেজের অধ্যক্ষ, দর্শন বিভাগের চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়। তবে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র নিয়মিতদের প্রশ্ন পাঠানো হয়। অনিয়মিতদের প্রশ্ন পাঠানো হয়নি এবং কেন্দ্রেও পরীক্ষার আগে প্রশ্ন ঠিকঠাক এসেছে কি-না দেখা হয়নি। এর ফলেই সমস্যার সৃষ্টি হয়েছে।

জানতে চাইলে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য সমকালকে বলেন, নতুন এবং পুরাতনদের সিলেবাসের জটিলতার কারণে এ সমস্যা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলাপ করে নতুন করে পরীক্ষার তারিখ দেওয়া হবে।

তবে বিষয়টিকে অনিচ্ছাকৃত বলে আখ্যা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের একাধিক কর্মকর্তা। পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী বলেন, 'এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। আপাতত কিছু বলা যাচ্ছে না।'

আরও পড়ুন

×