সিঙ্গাপুরে করোনা আক্রান্ত ২ জন সুস্থ হয়ে বাসায়
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৫৫
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত দুই প্রবাসী বাংলাদেশি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আইইডিসিআর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা শনিবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, সবার জন্য আনন্দের বিষয়, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক বাংলাদেশি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এর আগের দিন আরও একজন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফেরেন। এ ছাড়া আইসিইউতে চিকিৎসাধীন ব্যক্তির অবস্থা অপরিবর্তিত রয়েছে। অন্য দু'জনের অবস্থা স্থিতিশীল আছে। তারাও যে কোনো সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে আক্রান্ত ব্যক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। চীনের বাইরে করোনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সবাইকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়ে ডা. ফ্লোরা বলেন, বহু দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্ত অনেক দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রয়েছে। তবে অত্যাবশ্যক না হলে সেসব দেশে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
পরিচালক আরও বলেন, আক্রান্ত দেশ থেকে কোনো প্রকল্পের জন্য কারও আসার প্রয়োজন হলে সেটিও নিরুৎসাহিত করছি। এ ছাড়া সভা-সমাবেশ বা মিটিংয়ে আক্রান্ত দেশ থেকে অংশগ্রহণকারীর আসা জরুরি হলে সেগুলো স্থগিত করার আহ্বান জানাচ্ছি। এ ক্ষেত্রে কারও কোনো জিজ্ঞাসা থাকলে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। এটি করলে বিচার-বিশ্নেষণ করে আমরা সঠিক পরামর্শ দিতে পারব।
করোনা প্রতিরোধে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে ডা. ফ্লোরা বলেন, শুরু থেকেই আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে কাজ করছি। আমাদের মূল লক্ষ্য করোনাভাইরাস কীভাবে প্রতিরোধ করা যায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনসহ অন্যান্য দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির তথ্য-উপাত্ত বিশ্নেষণ করে দেখা যায়, মৃতের ৮০ শতাংশই বয়স্ক ব্যক্তি এবং ৭৫ শতাংশের আগে থেকে কোনো না কোনো রোগ ছিল। পরিচালক বলেন, দেশে করোনা সন্দেহে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে কারও মধ্যে সংক্রমণ পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর উপস্থিত ছিলেন।
- বিষয় :
- সিঙ্গাপুর
- করোনাভাইরাসে
- আইইডিসিআর
