ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

চবিতে ছাত্রলীগের তিন গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

চবিতে ছাত্রলীগের তিন গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ১০:৫০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফের সংঘাতে জড়ালো ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার ক্যাম্পাসে ছাত্রলীগের তিনটি বিবধমান গ্রুপ ‘সিক্সটি নাইন’, ‘কনকর্ড’ ও ‘বিজয়’-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যাম্পাসের সোহরাওয়ার্দী, শাহ আমানত ও শাহজালাল হলের সামনে কয়েক দফা সংঘর্ষে পাঁচ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনা নিয়ে বারবার ঝামেলা হচ্ছে। সবাইকে শান্ত থাকতে বলা হলেও কয়েকটি গ্রুপ বারবার সংঘর্ষে জড়াচ্ছে। তাদের অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়া হবে না। রাত ৮টার পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের ২৩৮ নম্বর কক্ষে বিজয়ের কর্মী মো. আবদুল্লাহ ও কনকর্ডের কর্মী আরমান হোসেন বসবাস করেন। এ দু'জনের মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া চলছিল। পরে আবদুল্লাহ বিজয়ের আরেক কর্মী মো. আবিরকে নিয়ে গত সোমবার আরমানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। অন্যদিকে আরমান সিক্সটি নাইনের নেতাকর্মীদেকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে আবিরকে মারধর করেন। এর থেকেই সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনার রেশ ধরে বুধবার বিকেলে সিক্সটি নাইনের এক কর্মীকে মারধর করেন বিজয়ের নেতাকর্মীরা। ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের নেতাকর্মীরা। এ সময় রামদা, রড, কাচের বোতল নিয়ে সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেন বিজয়ের নেতাকর্মীরা। অন্যদিকে শাহজালাল হলের সামনে অবস্থান নেয় সিক্সটি নাইন। এ সময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। 

সংঘাতে জড়ানো সিক্সটি নাইন ও কনকর্ড গ্রুপের নেতাকর্মীরা চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। বিজয়ের নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ। আর সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওরফে টিপু এবং কনকর্ডের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সহসভাপতি মোহাম্মদ আবদুল মালেক। বিজয় সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এর আগে গত ১ মার্চ চবিতে সংঘাতে জড়ায় ছাত্রলীগের দু'টি গ্রুপ।

আরও পড়ুন

×