ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সমকালকে অ্যাটর্নি জেনারেল

জামিন পেয়ে থাকলে রাষ্ট্রপক্ষ আপিল করবে

জামিন পেয়ে থাকলে রাষ্ট্রপক্ষ আপিল করবে
×

গোলাম কিবরিয়া (জি কে) শামীম -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ০৮:১১ | আপডেট: ০৭ মার্চ ২০২০ | ০৮:২০

অস্ত্র ও মাদক আইনের দুটি মামলায় কারাবন্দি প্রভাবশালী ঠিকাদার ও বহিষ্কৃত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া (জি কে) শামীমের গোপনে জামিন নেওয়ার বিষয়টি খতিয়ে দেখবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার তিনি সংশ্লিষ্ট নথিপত্র দেখবেন বলে সমকালকে জানিয়েছেন। তিনি বলেছেন, জি কে শামীম গোপনে হাইকোর্ট থেকে জামিন পেয়ে থাকলে আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করবে।

মাহবুবে আলম সমকালকে বলেন, মন্ত্রী ফোন করে বিষয়টি জানতে চেয়েছেন। এ ব্যাপারে সংশ্নিষ্ঠ বেঞ্চে খোঁজ-খবর নিয়ে জানানো হবে। জি কে শামীম যদি জামিন পেয়ে থাকে, তাহলে রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিত চেয়ে অবশ্যই আপিল করবে।

এর আগে জি কে শামীমের আইনজীবী শওকত ওসমান জানান, এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাদক মামলায় ৬ মাসের জামিন দেন। এর পর গত ৬ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অস্ত্র মামলায় ৬ মাসের জামিন মঞ্জুর করেন। পাশাপাশি এ দুটি মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেয়ে সংশ্নিষ্ঠদের প্রতি রুলও জারি করেন হাইকোর্ট।

জি কে শামীমের জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় গত ১২ ফেব্রুয়ারি। এই দুই মামলায় জামিননামা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে দাখিল করা হয়েছে। তার বিরুদ্ধে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরও দুটি মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন অ্যাডভোকেট শওকত ওসমান।

একমাস আগে হাইকোর্টের দুটি বেঞ্চ থেকে জামিন হলেও রাষ্ট্রপক্ষ বলছে, তারা এ ব্যাপারে কিছুই জানেন না। অথচ, রাষ্ট্রপক্ষের উপস্থিতি ছাড়া কখনই আদালতে মামলার শুনানি হয় না। জামিনের এ বিষয়টি জানাজানি হলে আদালত পাড়াসহ বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। ঘটনা জানতে চেয়ে অ্যাটর্নি জেনারেলকে ফোনও দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের ১১৩ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয় জিকে শাশীমকে। এরপর নিকেতনে তার জি কে বিল্ডার্স অফিসে (১৪৪ নম্বর) অভিযান চালিয়ে ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ ও নগদ ১ কোটি ৮০ লাখ টাকা জব্দ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এছাড়া তার জিম্মা থেকে একটি আগ্নেয়াস্ত্র, দেহরক্ষীদের ৭টি শটগান-গুলি এবং কয়েক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

শনিবার আদালত সংশ্লিষ্ঠ একাধিক সূত্র সমকালকে জি কে শামীমের জামিনের বিষয়টি নিশ্চিত করেছে। গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের দৈনন্দিন কার্য তালিকায় দেখা গেছে, জি কে শামীমের জামিন আবেদনটি এস এম গোলাম নামে ১৩৫ নম্বর আইটেম হিসেবে ছিল।

তবে সংশ্লিষ্ঠ বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান জানিয়েছেন, এমন খবর তিনি সাংবাদিকদের কাছ থেতে শুনেছেন। রোববার এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

×