কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির আহ্বান সিজেএ’র
ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৪:২৪
বাংলাদেশের কারাবন্দি চার সাংবাদিকের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ)। একই সঙ্গে সংগঠনটি তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে।
গত রোববার এক বিবৃতিতে সিজেএ’র সহসভাপতি ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা ও শাকিল আহমেদের আটকাদেশ অব্যাহত রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, এই সাংবাদিকরা হত্যাসংক্রান্ত অভিযোগে ১৮ মাসেরও বেশি সময় ধরে গ্রেপ্তার রয়েছেন। প্রায় ৬০০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি এবং কোনো বিশ্বাসযোগ্য সাক্ষ্যপ্রমাণও প্রকাশ্যে উপস্থাপন করা হয়নি। যথাযথ বিচার প্রক্রিয়া ছাড়া এই ধরনের দীর্ঘ আটকাদেশ আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা এবং মৌলিক অধিকারের সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।
সিজেএ আরও বলেছে, এসব গ্রেপ্তারের পেছনে অপরাধমূলক কর্মকাণ্ডের চেয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা বেশি প্রভাব ফেলেছে বলে যে খবর পাওয়া যাচ্ছে, তা উদ্বেগজনক। রাজনৈতিক বিশ্বাস বা পেশাগত সম্পর্কের ভিত্তিতে সাংবাদিকতাকে কখনোই অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত নয়।
বিবৃতিতে গ্রেপ্তার সাংবাদিকদের মানবিক পরিস্থিতি ও স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, শ্যামল দত্ত হৃদরোগ ও গুরুতর স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন, যার জন্য যথাযথ চিকিৎসা প্রয়োজন। ২০২৩ সালের শেষের দিকে মোজাম্মেল হক বাবুর প্রোস্টেট ক্যান্সারের একটি বড় অস্ত্রোপচার হলেও তাঁকে প্রয়োজনীয় ফলো-আপ সেবা থেকে বঞ্চিত করা হয়েছে। এ ছাড়া ফারজানা রূপাকে দুই সপ্তাহ ধরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখা হয়েছিল বলে যে খবর পাওয়া গেছে, তা হেফাজতে তাঁর চিকিৎসা ও কল্যাণ নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
সিজেএ মনে করে, সময়মতো প্রমাণ উপস্থাপন না করে সাংবাদিকদের দীর্ঘদিন কারাবন্দি রাখা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা ক্ষুণ্ন করে এবং বিচারব্যবস্থার ওপর জনগণের বিশ্বাস দুর্বল করে। তাই বাংলাদেশ সরকারকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার ঘোষিত অঙ্গীকার এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে তাদের মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
- বিষয় :
- সাংবাদিক
