ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিচারপতি বললেন, 'হয়তো নাম বিভ্রাটে’ জামিন হয়েছে

বিচারপতি বললেন, 'হয়তো নাম বিভ্রাটে’ জামিন হয়েছে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০৩:৩৯ | আপডেট: ০৮ মার্চ ২০২০ | ০৩:৫০

অস্ত্র ও মাদক মামলায় ঠিকাদার জি কে শামীমের জামিনের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। দুই মামলায় এক মাস আগে শামীমের জামিন পাওয়ার খবর নিয়ে দুদিন ধরে তুমুল আলোচনা চলছে। এরই মধ্যে রোববার হাইকোর্ট এ সিদ্ধান্ত দিলেন।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এদিন স্বপ্রণোদিত হয়ে অস্ত্র মামলার জামিন আদেশ প্রত্যাহার (রিকল) করে বলেছেন, ‘নাম বিভ্রাটে’ হয়ত বুঝতে সমস্যা হয়েছিল।

আদালতে এদিন শামীমের পক্ষে ছিলেন মমতাজ উদ্দিন মেহেদী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফজলুর রহমান খান।

দুপুরে আদালত বসার পর এফ আর খান বলেন, এই মামলায় (অস্ত্র মামলায়) জামিন আবেদনকারীর নাম লেখা আছে এস এম গোলাম কিবরিয়া। কিন্তু আদালতের ওই দিনের (৬ ফেব্রুয়ারি) কার্যতালিকায় নাম ছিল শুধু এস এম গোলাম।

এরপর জিকে শামীমের আইনজীবী মেহেদী আদালতকে বলেন, জামিন আদেশের দিন ওইসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান আদালতেই ছিলেন না।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক তখন বলেন, কার্যতালিকায় নামের বিভ্রাট আছে। এ কারণে হয়তো বিভ্রান্তি হয়েছে। আমাদের হয়ত বুঝতে সেদিন ভুল হয়েছে। তাই আমরা জামিনের অর্ডারটি রিকল (প্রত্যাহার) করলাম।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, আমরা জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কোর্ট রিকল না করলে আমরা আপিল বিভাগে যেতাম।

এর আগে এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাদক মামলায় শামীমের ৬ মাসের জামিন দেন। এর পর গত ৬ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অস্ত্র মামলায় ৬ মাসের জামিন মঞ্জুর করেন। পাশাপাশি এ দুটি মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেন হাইকোর্ট।

জি কে শামীমের জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় গত ১২ ফেব্রুয়ারি। এই দুই মামলায় জামিননামা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে দাখিল করা হয়েছে। তার বিরুদ্ধে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরও দুটি মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন অ্যাডভোকেট শওকত ওসমান।

একমাস আগে হাইকোর্টের দুটি বেঞ্চ থেকে জামিন হলেও রাষ্ট্রপক্ষ জানায়, তারা এ ব্যাপারে কিছুই জানে না। অথচ, রাষ্ট্রপক্ষের উপস্থিতি ছাড়া কখনই আদালতে মামলার শুনানি হয় না। জামিনের এ বিষয়টি জানাজানি হলে আদালত পাড়াসহ বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। ঘটনা জানতে চেয়ে অ্যাটর্নি জেনারেলকে ফোনও দেন আইনমন্ত্রী আনিসুল হক।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের ১১৩ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয় জিকে শাশীমকে। এরপর নিকেতনে তার জি কে বিল্ডার্স অফিসে (১৪৪ নম্বর) অভিযান চালিয়ে ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ ও নগদ ১ কোটি ৮০ লাখ টাকা জব্দ করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। এছাড়া তার জিম্মা থেকে একটি আগ্নেয়াস্ত্র, দেহরক্ষীদের ৭টি শটগান-গুলি এবং কয়েক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।


আরও পড়ুন

×