দোলযাত্রা উদযাপিত
আবির আর রং উৎসবের মধ্য দিয়ে রাজধানীসহ সোমবার সারাদেশে দোলযাত্রা উদযাপিত হয়েছে- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২০ | ১০:৩৪
আবির আর রং উৎসবের মধ্য দিয়ে সোমবার দোলযাত্রা উদযাপিত হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ এদিন রং খেলায় মেতেছিলেন। দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজিত উৎসবে ভক্তরা একই সঙ্গে সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেছেন। আয়োজনে ছিল পূজা ও কীর্তন ছাড়াও নানা ধর্মীয় অনুষ্ঠানও।
দোলযাত্রাকে ঘিরে সোমবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সূচনা ঘটে সারাদেশেই। পুরান ঢাকায় আবির খেলায় মেতে ওঠেন সব বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণী ও পথচারীরা। সেখানকার শাঁখারিবাজার ও তাঁতীবাজারসহ বেশ কিছু এলাকার মন্দির, মঠ, রাস্তাঘাট ও বাসাবাড়ি সবখানে মানুষ রঙের উৎসবে যোগ দিয়েছেন। একে অপরকে নানা রঙে রাঙিয়ে তারা অংশ নেন এই আনন্দযাত্রায়। আর আবির খেলাকে কেন্দ্র করে রং, পূজার মোমবাতি, আগরবাতি, প্রসাদ, ফুলসহ প্রয়োজনীয় সামগ্রীর বিকিকিনি হয়েছে দেদার। রাজধানীর অন্য সব মন্দির ও মঠেও ছিল অনুরূপ আয়োজন। এসব মন্দিরে সকাল থেকেই নানা রঙের অর্ঘ্য নিয়ে নানা বয়সী ভক্তদের আসতে দেখা যায়।
বরাবরের মতো এ বছরও দোল উৎসবের মূল আয়োজন হয় ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে। মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে সেখানে সকাল সাড়ে ৮টায় শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। ভজন কীর্তন, আবির খেলা ও হোমযজ্ঞ শেষে ছিল প্রসাদ বিতরণ। মন্দিরের নিত্য পুরোহিত তপন ভট্টাচার্য ও বরুণ চক্রবর্তী ধর্মমত নির্বিশেষে সবার মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। পূজা শেষে দুপুর ১২টায় প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। রাধা-কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নান করিয়ে ভক্তরাও রং খেলায় মেতে ওঠেন। রঙের ডালা আর পিচকারি হাতে তরুণ দলের এ উৎসব চলেছে দিনভর।
রঙ ছিটিয়ে, নিজের বন্ধু-বান্ধবী ও সহপাঠীদের গায়ে-মুখে রং মেখে আবির উৎসবে (হোলি) মেতেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরাও। দুপুরে চারুকলার বকুলতলায় রং মেখে উৎসব শুরু হয়। পরে শিক্ষার্থীরা ঢাকঢোলের তালে উৎসবের র্যালি বের করেন।
