ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

তদন্ত কমিটির প্রতি অনাস্থা ভুক্তভোগীদের

তদন্ত কমিটির প্রতি অনাস্থা ভুক্তভোগীদের
×
×

ফাইল ছবি

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ১৮:০০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতার বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু তদন্ত কমিটির প্রতি অনাস্থা জানিয়ে এক দিনের মধ্যে নতুন কমিটি করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা ও গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশ।
গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান তাঁরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রবিষয়ক বিভাগ এই ঘটনার সঙ্গে জড়িত বলে তাঁরা মনে করেন। কিন্তু সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা ও সহকারী প্রক্টরকে তদন্ত কমিটিতে সদস্য করা হয়েছে। এই কমিটির কাছে সুষ্ঠু বিচার প্রত্যাশা করা যায় না। তাই এই কমিটি বাতিল করে আগামী এক দিনের মধ্যে নতুন কমিটি গঠনের দাবি জানান তাঁরা। এ ছাড়া প্রক্টরের দ্রুত অপসারণ ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানানো হয় প্রতিবাদ সমাবেশে।
প্রতিবাদ সমাবেশে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশের সভাপতি অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার, সাধারণ সম্পাদক অধ্যাপক পূর্বা ইসলামসহ সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সংশ্নিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার অনুমতি ছাড়া জোর করে কক্ষে ঢুকে ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. পূর্বা ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আফরিনা মুস্তারিকে লাঞ্ছিত করা এবং ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফতাব দূর্বারকে মারধর করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে গত বুধবার মানববন্ধন করে গণতান্ত্রিক শিক্ষক ফোরোমের একাংশ। মানববন্ধনে বক্তারা প্রক্টরের দ্রুত অপসারণ, দোষীদের শাস্তির আওতায় আনা, অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করেন।
শিক্ষক লাঞ্ছনা ও শিক্ষার্থী মাধরধরের ঘটনা তদন্ত করতে গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. সুকুমার সাহাকে সভাপতি এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এতে সদস্য হিসেবে রয়েছেন উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোক্তার হোসেন, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন-২ এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আজহারুল ইসলাম।
তদন্ত কমিটির প্রতি অনাস্থার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. লুৎফুল হাসান বলেন, তদন্ত কমিটি পুনর্গঠন করা হবে।

আরও পড়ুন

×