পশ্চিমবঙ্গে ডুবল বাংলাদেশি বার্জ
অন্য একটি বার্জের ধাক্কায় বাংলাদেশি বার্জটি ডুবে যায় -সংগৃহীত ছবি
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ১১:২২
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীতে বাংলাদেশি একটি বার্জ ডুবে গেছে। বৃহস্পতিবার সকালে বজবজের কাছে অন্য একটি বার্জের সঙ্গে সংঘর্ষে ফ্লাই অ্যাশবোঝাই ওই বার্জটি ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয় মাঝিদের সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশ ওই বার্জের নাবিকদের উদ্ধার করেছে।
জানা গেছে, সকালে নদীতে অন্য একটি বার্জের সঙ্গে ধাক্কা লাগে বাংলাদেশের ‘এমভি মমতাময়ী মা’ নামের ওই বার্জের। ধাক্কা লাগার পরই একদিকে হেলে পড়ে বার্জটি। এছাড়াও বার্জের ভিতরে আগুন ধরে যায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই বজবজের হুগলি নদীর পাড়ে পৌঁছে যান উদ্ধারকারীরা। তারা বার্জটি উদ্ধারে চেষ্টা চালান। কিন্তু এ সময় হুগলি নদীতে জোয়ার এসে পড়ে। এ সময় পানির স্র্রোতে বার্জটি ডুবে যায়।
কলকাতা পুলিশ সূত্রে খবর, ‘এম ভি মমতাময়ী মা’ নামের ওই পণ্যবাহী বাংলাদেশি বার্জটি কলকাতা বন্দরের দিকে আসছিল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময়ে উল্টো দিক থেকে আসা অন্য একটি বার্জের সঙ্গে আচমকা সংঘর্ষ হয় মমতাময়ী মা-এর। ধাক্কার জেরে এক দিকে কাত হয়ে যায় জলযানটি। পরে এর ১৩ নাবিককে উদ্ধার করা হয়।
কলকাতা বন্দরের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, আমরা খবর পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে কী কারণে বার্জটি ডুবে গেল।
- বিষয় :
- পশ্চিমবঙ্গ
- বার্জ
- নৌকাডুবি
