ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নওগাঁয় বিদেশফেরত ৪৪ জন হোম কোয়ারেনটাইনে

নওগাঁয় বিদেশফেরত ৪৪ জন হোম কোয়ারেনটাইনে
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৬:১৪ | আপডেট: ১৬ মার্চ ২০২০ | ০৬:২০

নওগাঁর বিদেশফেরত ৪৪ জন হোম কোয়ারেনটাইনে আছেন। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল। হোম কোয়ারেনটাইনে আছেন তাদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় একজন, রানীনগরে দুইজন, আত্রাইয়ে ১২ জন, মহাদেবপুরে দুইজন, বদলগাছীতে তিনজন, ধামইরহাটে একজন,  নিয়ামতপুরে দুইজন ও সাপাহারে ২১ জন।

নওগাঁ সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল জানান, সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি উপজেলায় ৪৪ জন হোম কোয়ারেনটাইনে আছেন। প্রতিদিন স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন। ওই ৪৪ জনকে বাইরে ঘোরাফেরা না করে বাসায় অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। নওগাঁ স্বাস্থ্য বিভাগ থেকে শুধু বিদেশফেরতদের কোয়ারেনটাইনের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। 

এদিকে করোনাভাইরাস মোকাবিলায় নওগাঁর রাণীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শয্যাবিশিষ্ট আলাদা করোনা আইসোলেশন ইউনিট, সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের জন্য পৃথক দুইটি রুমে দুইটি করে মোট চারটি বেডসহ অপর উপজেলা হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। 

হাসপাতালের পক্ষ থেকে উপজেলার সব উপ-স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকগুলোর উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তাদের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষদের করোনাভাইরাস সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। 

আরও পড়ুন

×