ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২২:২৩
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ২০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিত্তিতে পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনারের তত্ত্বাবধানে গুলশান থানার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এতে নেতৃত্ব দেন গুলশান থানার এসআই মাহফুজুর রহমান।
এর আগে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের একটি মামলায় ই-অরেঞ্জ স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন, তার স্বামী প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম মামলার অভিযোগ গঠন শেষে এ পরোয়ানা জারি করেন।
মামলার অন্য আসামিরা হলেন- ই-অরেঞ্জ শপের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা, প্রধান নির্বাহী কর্মকর্তা আমানুল্লাহ চৌধুরী এবং পরিচালক জায়েদুল ফিরোজ ও নাজনিন নাহার বিথী।
মামলার অভিযোগে বলা হয়েছে, ই-অরেঞ্জ কর্মকর্তারা স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রির অনলাইন বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করতেন। সেই প্রলোভনে পড়ে বাদী ২০২১ সালের ২৩ মে থেকে ৩ জুনের মধ্যে তিনটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপ কেনার জন্য মোট ৫ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা পরিশোধ করেন। ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা কোনো পণ্য সরবরাহ করেননি। বারবার তাগাদা দেওয়ার পরও পণ্য না পাওয়ায় বাদী ২০২১ সালের ১৪ নভেম্বর ই-অরেঞ্জের কার্যালয়ে গেলে তাকে টাকা ফেরত না দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
