এখন কী বলা যাবে- উনি ঋণ খেলাপি ছিলেন, সংসদে প্রশ্ন
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মো. নাজিবুর রহমান। ছবি-
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২১:৩৭
আপিল বিভাগ চট্টগ্রাম-৪ আসন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মো. নাজিবুর রহমান মঙ্গলবার সংসদে পয়েন্ট অব অর্ডারে বলেন, ‘আজকে ঋণখেলাপির দায়ে একজন ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে। এখন কি বলতে পারব উনি ঋণ খেলাপি ছিলেন।’
‘ঋণখেলাপিদের এই সংসদে’ দাঁড়িয়ে বলতে হচ্ছে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানার এমন বক্তব্য নিয়ে গত ১৮ জুন সংসদে বিতর্ক হয়। বিষয়টির দিকে ইঙ্গিত করে নাজিবুর রহমান বলেন, "কয়েকদিন আগে আমাদের একজন সংসদ সদস্য স্পিকারের কাছে জানতে চেয়েছিলেন, সংসদে কোন ঋণখেলাপি আছে কিনা? তখন আপনি বলেছিলেন বিচারাধীন বিষয়ে বলতে পারছেন না। আজকে ঋণখেলাপির দায়ে একজন ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে। এখন কি বলতে পারব উনি ঋণ খেলাপি ছিলেন।"
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটা পয়েন্ট অব অর্ডার হল না। একজন সদস্যের সদস্য পদ থাকবে কি থাকবে না- এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আদালতের নির্দেশনায় নির্বাচন কমিশন কোনো আদেশ জারি করলে এ ব্যাপারে আপনাদের জানাতে পারব। তাই চূড়ান্ত রায়ের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে, তখন চূড়ান্ত মন্তব্য করা যাবে।
পরে পয়েন্ট অব অর্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "সেদিন বলেছিলাম এ সংসদে কোনো ঋণখেলাপি সদস্য নেই, ঋণগ্রস্ত থাকতে পারে। উনি যে প্রসঙ্গটা তুললেন, এটা যেহেতু আদালতে ফয়সালা হয়ে গেছে, কিন্তু উনিতো সংসদ সদস্যের শপথ নিয়ে এখানে আসেন নাই। উনি সংসদ সদস্য নন। তার প্রার্থিতা চ্যালেঞ্জ হয়েছে, উচ্চ আদালত রায় দিয়েছে। এটাই শেষ। উনি সংসদ সদস্য থাকলে এ কথা বলা যেত। এটা কোন পয়েন্ট অব অর্ডার নয়।"
স্বরাষ্ট্রমন্ত্রীর কথার জবাবে স্পিকার বলেন, পয়েন্ট অব অর্ডারের বিষয়ে আমাকে সিদ্ধান্ত নিতে দেন। কিন্তু তিনি সংসদ সদস্য নন, আপনার এই ব্যাখ্যা ঠিক আছে।
- বিষয় :
- সংসদ
