রেলওয়েতে 'শুদ্ধি অভিযান' চলমান আছে: মন্ত্রী
রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন— ফাইল ছবি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ০৭:০৩
বাংলাদেশ রেলওয়েতেও 'শুদ্ধি অভিযান' চলমান রয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
জামালপুর যাওয়ার পথে বুধবার সকালে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
রেলপথমন্ত্রী বলেন, 'দুর্নীতি এখন মুখরোচক শব্দ। সুনির্দিষ্ট না করে তা ঢালাওভাবে বলা ঠিক হবে না। তবে রেলের ব্যবস্থাপনার মধ্যে ঘাটতি রয়েছে এটা সত্য। আমরা চেষ্টা করছি ব্যবস্থাপনা ভালো করার। রেলখাতে যত বেশি তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে পারবো, ততবেশি উন্নয়ন ঘটবে। এতে করে রেল নিয়ে যে অভিযোগগুলো আছে সেগুলোর সমাধান হয়ে যাবে। আর দুর্নীতির বিরুদ্ধে রেলওয়েতে শুদ্ধি অভিযান চলমান আছে।'
তিনি বলেন, আগামী বছরের জানুয়ারিতেই যমুনা নদীতে ডাবল লাইনের বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া সিঙ্গেল লাইন ডাবল করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে রেল সেক্টরে ব্যাপক উন্নয়ন ঘটবে।
ক্যাসিনোবিরোধী অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'দল যখন ক্ষমতায় আসে তখন যারা দল করে না তারাও দাবি করে– আমি দল করি। বিএনপির তারেক রহমান নির্বাচনী রিটার্ন দাখিলে তার উপার্জনের বিষয়ে ক্যাসিনো ব্যবসার কথা উল্লেখ করেছিলেন। বর্তমানে যারা ক্যাসিনো ব্যবসার জন্য ধরা পড়েছে তাদের পুরনো অতীত বিএনপির। ছাত্রদল, যুবদল, ফ্রিডম পার্টির। এমনকি রেলওয়ে শ্রমিকলীগেও অনেকে আছেন, যারা আগে বিএনপিতে ছিলেন। এখন তারা বড় আওয়ামী লীগার হয়ে গেছে। দলে প্রবেশ করে যারা অপর্কম করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।'
এ ছাড়াও তিনি রেলের দখলকৃত সম্পত্তি উদ্ধার করে রেলওয়ের উন্নয়নে তা বাণিজ্যিক ব্যবহারের চিন্তা ভাবনা চলছে। যাত্রা বিরতি শেষে ট্রেনে জামালপুরের উদ্দেশে রওনা হন তিনি। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ রেলের বিভিন্ন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
