ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনা প্রতিরোধে পুরো দেশ লকডাউন করা উচিত: হাইকোর্ট

করোনা প্রতিরোধে পুরো দেশ লকডাউন করা উচিত: হাইকোর্ট
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২০ | ০৭:১১

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস এরইমধ্যে বাংলাদেশেও প্রভাব বিস্তার শুরু করেছে। প্রাণঘাতী ও মারাত্মক সংক্রামক এই ভাইরাস প্রতিরোধে পুরো দেশ লকডাউন করা উচিত বলে জানিয়েছেন হাইকোর্ট।

বুধবার এ ভাইরাসকে জাতীয় শত্রু আখ্যা দিয়ে হাইকোর্ট বলেন, করোনা মোকাবিলায় মুক্তিযুদ্ধের সময় দলমত নির্বিশেষে যেমন সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল এখনও সেভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রধানমন্ত্রী ও তার সরকারের ওপর আস্থা রাখতে হবে। যেসব নির্দেশনা দেবে তা মেনে চলতে হবে। খবর ইউএনবির

সারা দেশে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে করা এক রিট আবেদনের নিষ্পত্তি করে হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন।

রিটকারী  আইনজীবী ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লব বলেন, ‘আদালত আমাদের রিট আবেদন নিষ্পত্তি করে বলেছেন, করোনাভাইরাস জাতীয় শত্রু। করোনা মোকাবিলায় দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে।’

আদালত আরও বলেন, ‘তাইওয়ান চীনের পাশের দেশ হওয়া সত্ত্বেও তারা কীভাবে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে সেই মডেলটি অনুসরণ করতে হবে। করোনাভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। যেহেতু এখনও প্রতিষেধক আবিষ্কার হয়নি তাই এর একমাত্র সঠিক সমাধান হিসেবে পুরো দেশ লকডাউন করা উচিত।’

আরও পড়ুন

×