সংবাদপত্র হকার এজেন্টদের করোনা সুরক্ষা সরঞ্জাম দিচ্ছে নোয়াব
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ | ১০:৩৪
পত্রিকার এজেন্ট ও হকাররা যাতে করোনা সংক্রমণ থেকে নিরাপদ থেকে রাজধানীসহ সারাদেশে পত্রিকা বিলি করতে পারেন, সেজন্য সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) তাদের করোনা সুরক্ষা সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে বাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশনের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠকে নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সারাদেশে ২০ হাজার হকার রয়েছেন। এজেন্ট ও হকাররা যাতে নিজেরা নিরাপদ থেকে গ্রাহকের কাছে সংবাদপত্র পৌঁছে দিতে পারেন, সে জন্য ২৩ হাজার মাস্ক, ২৩ হাজার গ্লাভস ও তিন হাজার হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে।
বৈঠকে বলা হয়, করোনার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান, হল, ছাত্রাবাস বন্ধ। শহর এলাকায় অনেক অ্যাপার্টমেন্টে ভাইরাসের কারণে পত্রিকা বন্ধ। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা পত্রিকার মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে বলে হকারকে পত্রিকা দিতে নিষেধ করেছেন। কিছু হকার করোনা আতঙ্কে অনুপস্থিত থাকছেন। তবে ঢাকা ও ঢাকার বাইরের হকার্স সংগঠনগুলো জানিয়েছে, পত্রিকা ছাপানো হলে সমিতি তা বিক্রি অব্যাহত রাখবে।
বৈঠকে আরও জানানো হয়, সারাদেশের হকার-এজেন্টদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে নোয়াব বিশেষ দৃষ্টি রাখবে। তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। নোয়াবের এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
- বিষয় :
- নোয়াব
- করোনা সুরক্ষা সরঞ্জাম
- হকার এজেন্ট
