ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাংলাদেশে বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগ হচ্ছে: হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশে বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগ হচ্ছে: হিউম্যান রাইটস ওয়াচ
×

গত ২৯ জুলাই যাত্রাবাড়ীর মাতুয়াইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ১৭:১০ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ১৭:১২

বাংলাদেশে রাজনৈতিক বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলছে, বিরোধী নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ।

বুধবার নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।

এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের ওপর পরিচালিত বর্বরোচিত দমন অভিযানকে নির্বাচন গণতান্ত্রিক না হওয়ার সর্তক সংকেত হিসেবে দেখা উচিত হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের।

বিবৃতিতে বলা হয়েছে, জুলাইয়ের শেষ দিকে বিরোধীদলীয় সমর্থকদের ওপর বাংলাদেশ পুলিশ নির্বিচার রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। এ সময় বিরোধী সমর্থকদের পিটুনিও দেওয়া হয়েছে। গত ২৯ জুলাইয়ের কর্মসূচি ঘিরে কয়েক দিনে কর্তৃপক্ষ প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আট শতাধিক নেত–কর্মীকে গ্রেপ্তার করেছে। এটা দৃশ্যত রাজনৈতিক বিরোধীদের নিশানা করে আটকের চেষ্টা।





আরও পড়ুন

×