বিদেশে পলাতক বঙ্গবন্ধুর ৫ খুনিকেও ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৪:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বিদেশে পলাতক বঙ্গবন্ধুর ৫ খুনিকেও ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী তার ধানমন্ডির বাসয় সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণের জন্য নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও এমপি শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের পক্ষ হতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুর একজন খুনির (ক্যাপ্টেন [বরখাস্ত] আব্দুল মাজেদ) ফাঁসি কার্যকর হয়েছে। জাতি আবার ভারমুক্ত হলো। তার ফাঁসি প্রধানমন্ত্রীর পক্ষ হতে দেশবাসীর জন্য মুজিববর্ষের উপহার। বাকি আরও ৫ জন খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের দুই জন কোথায় আছে সে সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তাদের সকলকে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দেশে এনে তাদেরও ফাঁসি কার্যকর করা হবে।'
এ সময় তিনি দেশের মানুষকে ঘরে অবস্থান করার জন্য এবং অতীব প্রয়োজন ব্যাতীত ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান।
হস্তান্তর করা খাদ্যসামগ্রী (প্রতি প্যকেটে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১টি সাবান) স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।
খাদ্যসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
