ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর খুনির ফাঁসির রায় কার্যকর অনেক স্বস্তির: আইনমন্ত্রী

জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর খুনির ফাঁসির রায় কার্যকর অনেক স্বস্তির: আইনমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৪:৫২ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ০৬:৫৩

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় কারাবন্দি পাঁচ আসামির ফাঁসি কার্যকরের পর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পলাতক আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে একজনকে এনে ফাঁসির রায় কার্যকর করতে পেরেছি, এটা অনেক স্বস্তির বিষয়।

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের রায় কার্যকরের প্রতিক্রিয়ায় রোববার গুলশানের সরকারি আবাসিক অফিস থেকে দেওয়া এক ভিডিও বার্তায় আইনমন্ত্রী এ সব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‌‘আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বঙ্গবন্ধুর পলাতক খুনিদেরকে ফিরিয়ে এনে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করবো। গতরাতে ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসি কার্যকরের মাধ্যমে এই প্রতিশ্রুতির কিছুটা হলেও বাস্তবায়ন করেছি।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের কাজ শেষ হয়নি। এখনও যারা পলাতক আছে তাদেরকে ধরে এনে এই রায় কার্যকর করার পরে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের বাস্তবায়ন সম্পূর্ণ হবে।’

তিনি বলেন, ‘আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করছি যে, বঙ্গবন্ধুর অবশিষ্ট পলাতক খুনিদের এই বাংলার মাটিতে ফিরিয়ে এনে আমাদের সর্বোচ্চ আদালতের দেওয়া রায় কার্যকর করবো ইনশাল্লাহ।’

আরও পড়ুন

×