মৃত দুদক পরিচালকের স্ত্রী-সন্তানের করোনা ধরা পড়েনি
ছবি: সংগৃহিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৬:১৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ | ০৯:৪০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (প্রশাসন) জালাল সাইফুর রহমান মারা যান। এরপর তার স্ত্রী ও সন্তানের করোনা পরীক্ষা করা হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করানো পরীক্ষায় তাদের ফল নেগেটিভ এসেছে। তারা সুস্থ আছেন।
দুদকের দায়িত্বশীল একটি সূত্র রোববার সমকালকে বিষয়টি নিশ্চিত করেছে।
গত ৩০ মার্চ দুদকের ওই পরিচালকের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। এরপর তাকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৬ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
ওই হাসপাতালের আইসোলেশনে তার অবস্থায় বেশ উন্নতিও হয়েছিল। ভেন্টিলেশন খুলে দেওয়ারও প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। সাইফুর বিসিএস ২২তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি চট্টগ্রামে।
দুদকের ওই পরিচালক ২২ মার্চ পর্যন্ত অফিস করেন। তার দেহে করোনা সনাক্ত হওয়ার পর স্ত্রী এবং ছেলে সেলফ আইসোলেশনে ছিলেন। বাবার মৃত্যুর দিন তার ছেলে শামীম রহমান ফেসবুকে জানান, তাদের আরও সাতদিন আইসোলেশনে থাকতে হবে। আইসোলেশনে থাকায় বাবার জানাজায়ও উপস্থিত হতে পারেননি তিনি।
