ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

গুজব ছড়ানোর অভিযোগে কার্টুনিস্টসহ কারাগারে ২, মামলা ১১ জনের বিরুদ্ধে

গুজব ছড়ানোর অভিযোগে কার্টুনিস্টসহ কারাগারে ২, মামলা ১১ জনের বিরুদ্ধে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৫:১৯ | আপডেট: ০৬ মে ২০২০ | ০৫:২৩

সামাজিক যোগাযোগ মাধ্যম গুজব ছড়ানো, বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে বুধবার বেলা ১টার দিকে তাদের দুজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। খবর ইউএনবির

এসময় মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক জামশেদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপর দিকে, তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা বেগম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল ও লেখক মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে আটক করে র‌্যাবের একটি দল। এরপর তাদের রমনা থানায় হস্তান্তর করা হয়।

তাদের দুজনসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে রমনা থানায়।

এই মামলায় আসামি করা হয়েছে, কার্টুনিস্ট আহম্মেদ কবির কিশোর, ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ, তথ্যপ্রযুক্তিবিদ ও রাষ্ট্রচিন্তার সদস্য মো দিদারুল ইসলাম ভূঁইয়া, মিনহাজ মান্নান, প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ও সাহেদ আলম, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ, ব্লগার আসিফ মহিউদ্দীনকে।

মামলার এজাহারে বলা হয়েছে, র‌্যাব-৩ পর্যালোচনা করে দেখেছেম আই এম বাংলাদেশী (ইংরেজি হরফে লেখা) পেজের অ্যাডমিন সায়ের জুুলকারনাইন এবং কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করে আসছেন। 

এই ফেসবুক পেজ থেকে জাতির জনক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মহামারী সম্পর্কে গুজব, রাষ্ট্র/সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিপ্রায়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। অপপ্রচার বা মিথ্যা জেনেও তারা গুজবসহ বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছিলেন। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেছে র‌্যাব।

এজাহারে র‌্যাব বিভিন্ন পোস্টের লিঙ্ক দিয়েছে।

আরও পড়ুন

×