করোনাভাইরাস
পুলিশে আক্রান্ত বেড়ে ১৪২৯, চিকিৎসায় বরাদ্দ ইমপালস্ হাসপাতাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৫:০৮ | আপডেট: ০৮ মে ২০২০ | ০৭:০৯
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সাধারণ মানুষের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সদস্যও আক্রান্ত হচ্ছেন করোনায়। শুক্রবার পর্যন্ত পুলিশ বাহিনীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৯ জন। তাদের মধ্যে শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। আর করোনাযুদ্ধে জয়ী ১৮ পুলিশ সদস্য সুস্থ হয়ে শুক্রবার হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৯৮ জন।
এদিকে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়তে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য রাজধানীর ইমপালস্ হাসপাতাল প্রাইভেট লিমিটেড বরাদ্দ করা হয়েছে। প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য হাসপাতালটি ভাড়া করা হয়েছে। ২৫০ শয্যার এই হাসপাতালটি এখন থেকে শুধু করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা দিতে ব্যবহৃত হবে।
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, ৫ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস্ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। শিগগিরই ইমপালস্ হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া শুরু হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর আগ্রহ ও সদিচ্ছা এবং আইজিপি ড. বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টায় স্বল্পতম সময়ে এই ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক সুচিকিৎসার জন্য আইজিপি বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছেন এবং ইউনিট প্রধানদের এ বিষয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। পুলিশ সদস্যদের জন্য প্রধানমন্ত্রীর উদারতা ও ভালোবাসার প্রতি আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আইজিপি।
করোনাযুদ্ধে মাঠপর্যায়ের সামনের সারির সৈনিক পুলিশ সদস্যরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে রাজধানীতে আক্রান্তের হার সবচেয়ে বেশি। বাহিনীতে আক্রান্তের প্রায় অর্ধেকই ঢাকা মহানগর পুলিশে কর্মরত। শুক্রবার পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জন। এ ছাড়া পুলিশের দুই হাজার ৮১৪ সদস্য কোয়ারেন্টাইনে আছেন। করোনার উপসর্গ নিয়ে ৪৭২ জন আছেন আইসোলেশনে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন পুলিশের ছয় সদস্য।