ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

অধ্যাপক আনিসুজ্জামানকে সিএমএইচে স্থানান্তর

অধ্যাপক আনিসুজ্জামানকে সিএমএইচে স্থানান্তর
×

অধ্যাপক আনিসুজ্জামান -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৮:১৭ | আপডেট: ০৯ মে ২০২০ | ০৯:২৯

বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসাপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে শনিবার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান সমকালকে এ তথ্য জানিয়েন। 

আনন্দ জামান বলেন, 'অবস্থা সংকটাপন্ন না হলেও তার শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি হয়নি। আজ প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সিএমএইচে নেওয়া হয়েছে। এখানে তিনি ডাক্তারদের সঙ্গে বেশ স্বাভাবিকভাবেই কথা বলেছেন। কিন্তু শারীরিক সমস্যায় বেশ কষ্ট পাচ্ছেন এবং তার স্মৃতিভ্রম হচ্ছে।'

তিনি আরও বলেন, 'আব্বার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে তার বয়স ও অসুস্থতার কারণে তাকে নিয়ে বেশ উদ্বিগ্ন আছি আমরা। তার শারীরিক সমস্যার উন্নতির জন্য সবার কাছে দোয়া চাইছি।'

গত ২৭ এপ্রিল হৃদরোগ সমস্যার পাশাপাশি কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স, প্রোস্টেটের সমস্যা ও রক্তে সংক্রমণের সমস্যা নিয়ে অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে করোনারি কেয়ার ইউনিটে তিনি চিকিৎসাধীন ছিলেন। অধ্যাপক আনিসুজ্জামান এর আগে ফুসফুসের সংক্রমণসহ বিভিন্ন শাররীক সমস্যা নিয়ে গত ফেব্রুয়ারিতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন। তারও আগে দেশের বাইরে গিয়ে কয়েকবার চিকিৎসা নেন তিনি।

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ভারত ভাগের পর তার পরিবার এপার বাংলায় চলে আসে। তিনি ছয় দশকেরও বেশি সময় শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ভাষা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনসহ পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে তিনি ওতপ্রোত জড়িত ছিলেন। এছাড়া ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা কর্মকাণ্ডে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব আনিসুজ্জামানের সক্রিয় ভূমিকা রয়েছে। 

আরও পড়ুন

×