ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জবিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ৩টায় মানববন্ধন করবেন শিক্ষার্থীরা

জবিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ৩টায় মানববন্ধন করবেন শিক্ষার্থীরা
×

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেট। ছবি: ফাইল

জবি প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪ | ১৪:৪২ | আপডেট: ১৬ মার্চ ২০২৪ | ১৫:৩৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মূল ফটকে পুলিশের পাশাপাশি তৎপরতা দেখা গেছে  গোয়েন্দা পুলিশের (ডিবি)। একই সঙ্গে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক-শিক্ষার্থীকে বরখাস্ত, বহিষ্কার এবং গ্রেপ্তারের নির্দেশের দাবিতে আজ বিকেল ৩টায় মানববন্ধন করার প্রস্তুতি নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ শনিবার সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের মূল ফটকের পাশেই বসে আছেন পুলিশ সদস্যরা। আর ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের উপস্থিতি অন্যান্য সময়ের তুলনায় কিছুটা কম হলেও মানববন্ধন কর্মসূচিকে ঘিরে জড়ো হতে দেখা যায় তাদের।

সুমাইয়া সুমি নামের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করলেও এখনো অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করেনি। আমরা চাই, তাকে বহিষ্কার করে বিচারের আওতায় আনতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়েও পদক্ষেপ নিতে হবে। বিকেল ৩টায় আত্মহত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে মানববন্ধন করব। 

এরই মধ্যে জবি শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যায় অভিযুক্ত শিক্ষার্থী আম্মানকে সাময়িক বহিষ্কার এবং শিক্ষার্থীকে সহায়তাকারী সহকারি অধ্যাপক দ্বীন ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এই ঘটনার যথাযথ তদন্ত নিশ্চিত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড জাহাঙ্গীর হোসেন বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×