করোনাপরবর্তী মন্দা মোকাবিলায় করণীয় বিষয়ে তরুণদের জন্য লেখা প্রতিযোগিতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৮:৩৫ | আপডেট: ১৭ মে ২০২০ | ১০:৩৫
ইয়ুথ অপরচুনিটিস ও আইপিডিসি আয়োজন করছে করোনাপরবর্তী সম্ভাব্য মন্দা মোকাবিলায় করণীয়: তরুণদের ভাবনা বিষয়ক জাতীয় পর্যায়ে লেখা প্রতিযোগিতা, যার মাধ্যমে তরুণরা নিজের চিন্তা শেয়ার করতে পারবে, পারবে তাদের পরামর্শ নীতি নির্ধারকদের কাছে পৌঁছাতে।
কভিড-১৯ মহামারির সুদূরপ্রসারী প্রভাবে বাংলাদেশের লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতির জটিলতা বিবেচনায় এ অবস্থা থেকে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়ায় সকলের অংশহগ্রহণ প্রয়োজন।দেশের তরুণ প্রজন্মকে এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে হবে, কারণ এই পরিস্থিতির দীর্ঘমেয়াদী প্রভাব তরুণ প্রজন্মের উপরই পড়বে।
ইয়ুথ অপরচুনিটিস এর সহ-প্রতিষ্ঠাতা, ওসামা বিন নূর বলেন, বাংলাদেশের তরুণ জনসংখ্যা বেশি এবং প্রায়শই তারা সামাজিক মাধ্যমে তাদের কথা, ধারণা বা প্রস্তাবনা তুলে ধরে। কিন্তু অধিকাংশ সময়ে সেকথাগুলো যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছায় না। তবে এই উদ্যোগে অংশগ্রহণ করে একজন তরুণ তার আইডিয়া ও পরামর্শ নীতি নির্ধারকদের নিকট পৌঁছাতে পারবেন এবং করোনা পরবর্তী বাংলাদেশে সম্ভাব্য মন্দা মোকাবিলায় অংশীদার হতে পারবে!
বাংলাদেশ বা বিদেশে অবস্থানরত১৮–৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণ-তরুণী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
লেখার বিষয়াবলিঃ প্রবাসী শ্রমিকদের সুরক্ষা ও রেমিট্যান্সের ধারাবাহিকতা রক্ষা, তরুণদের চাকরির ব্যবস্থা এবং নতুন কর্মক্ষেত্র তৈরি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) সহায়তা, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন, প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা, টেকসই কৃষি ব্যবস্থার নিশ্চয়তা, শিক্ষা ও ডিজিটাল শিখন পদ্ধতিকে উৎসাহিতকরণ, স্বাস্থ্যখাতকে শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা প্রোগ্রাম সমূহকে এগিয়ে নেওয়া, রপ্তানিখাতকে পুনরুজ্জীবিতকরণ।
সকল ক্যাটাগরির চ্যাম্পিয়ন আইপিডিসির পক্ষ থেকে ১০ হাজার টাকা গবেষণা অনুদান ও সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। সব গ্রুপের রানারআপরা ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিতে একবছরের সম্মানসূচক সদস্যপদ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলেই ই-সার্টিফিকেট পাবেন, যা আয়োজনকারী প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে প্রদান করা হবে।
দৈনিক সমকাল, যুব ও ক্রীড়ামন্ত্রণালয়, বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এটুআই-একসেস টু ইনফরমেশন, বাংলাদেশ স্কাউটস, ব্রিটিশ কাউন্সিল, ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্ম, লাইট ক্যাসেল পার্টনারস, চ্যানেল২৪, দ্যা ডেইলি স্টার ও ইউটিভি লাইভ এই উদ্যোগের সহযোগী সংগঠন।
লেখা জমার শেষ সময় ২৫ মে রাত ১১:৫৯ মিনিট।বিস্তারিত জানতে ও অংশগ্রহণ করতে ভিজিট করুন https://host.youthop.com/write2fight/. সংবাদ বিজ্ঞপ্তি