ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

করোনাকাল

লুৎফুর এখন উদাহরণ

লুৎফুর এখন উদাহরণ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লুৎফুর রহমান। প্রচারবিমুখ, ধীর ও শান্ত স্বভাবের মানুষ। সিলেটের এই বাসিন্দা দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী। সেখানে রয়েছে তার নানা ধরনের ব্যবসা। ধীর স্বভাবের হলেও করোনা মহামারিতে বিপর্যস্ত অসহায় মানুষগুলোর মুখ তাকে সর্বদা অস্থির করে রাখে। তাদের জন্য কিছু একটা করার তাগিদ অনুভব করেন। সেই তাগিদ থেকে তিনি দেশের সুবিধাবঞ্চিত অনেক মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী সহায়তা দিয়ে যাচ্ছেন। আরও গুরুত্বপূর্ণ যে কাজটি করেছেন, দেশে থাকা তার ১১টি ফ্ল্যাটের ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করে দিয়েছেন। মওকুফ করেছেন বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভাড়াও।
নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষজনকেই শুধু সহায়তা দিচ্ছেন না লুৎফুর রহমান। তার মহানুভবতার হাত প্রসারিত করেছেন সমাজের মধ্যবিত্ত শ্রেণির প্রতিও। এই মধ্যবিত্ত শ্রেণির লোকজন শহরকেন্দ্রিক বসবাস করে বাসা ভাড়া নিয়ে। তারা কেউ হয়তো বেসরকারি স্কুলশিক্ষক, সাংবাদিক, বেসরকারি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারী, সাধারণ দোকানদার ইত্যাদি। যাদের মাসিক আয়ে টানাপোড়েনের মধ্য দিয়ে কোনোরকম সংসার চলে। শহরকেন্দ্রিক বসবাস করা কর্মজীবী মধ্যবিত্ত শ্রেণির মানুষ আজ সবচেয়ে বিপাকে। তারা না পাচ্ছে সরকার থেকে সহযোগিতা, না পারছে কারও কাছে চাইতে। যেমন সিলেট উপশহরে এফ ব্লকে অবস্থিত লুৎফুর রহমানের ইমরান টাওয়ার। এ ভবনের এগারোটি ফ্ল্যাটের বাসিন্দারা চাকরিজীবী বা ক্ষুদ্র ব্যবসায়ী। করোনা বিপর্যয়ের এই কঠিন সময়ে লুৎফুর তার সবক'টি ফ্ল্যাটের ভাড়া মওকুফ করে দিয়েছেন। সিলেটের বিয়ানীবাজারের সন্তান লুৎফুর দেশে তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের নিয়মিত বেতনের পাশাপাশি বিভিন্ন সুবিধা দিচ্ছেন। এ ছাড়াও সিলেট শহরের শিবগঞ্জে অবস্থিত তার মালিকানাধীন 'মেজবান বাড়ী' রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার দেশে যতদিন লকডাউন চলবে, ততদিন পর্যন্ত এর সম্পূর্ণ ভাড়াও মওকুফ করে দিয়েছেন।
করোনার এই সংকটকালে ভাড়া দিতে না পারায় অনেক বাড়িওয়ালা তার ভাড়াটিয়াকে বের করে দিয়েছেন এমন খবরও এসেছে। উল্টো লুৎফুর রহমান তার ভাড়াটিয়াদের সমস্ত ভাড়া মওকুফ করে দিয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন, তার জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।
তাদের মতে, করোনা-দুর্যোগে বিত্তশালীদের যে পথে হাঁটা উচিত, লুৎফুর সেই পথেই হাঁটছেন। এ পথের পথিক সংখ্যাগরিষ্ঠের হওয়া এই সময়ে খুব জরুরি। যার যার অবস্থান থেকে অসহায় বিশেষ করে মধ্যবিত্ত ভাড়াটিয়াদের প্রতি মালিকপক্ষ একটু সদয় হলে, সহানুভূতির হাত প্রসারিত করলে তাদের বিত্তবৈভব কমে না।
প্রবাসী লুৎফুর রহমানের মানবিক এই কাজের জন্য তাকে অভিনন্দন জানিয়ে ব্রিটেনে বসবাসরত সমাজকর্মী ও সাবেক ছাত্রনেতা ছরওয়ার আহমদ বলেন, লুৎফুর ইতোমধ্যেই উদাহরণ তৈরি করেছেন। তাকে অনুসরণ করে এখন এগিয়ে আসতে হবে অন্যদেরও।
প্রচারবিমুখ লুৎফুর অবশ্য এ ব্যাপারে বেশি কিছু বলতে রাজি নন। তিনি বলেন, 'প্রচারের জন্য নয় আমি আমার সামাজিক দায়িত্ব থেকেই এটা করেছি।'

আরও পড়ুন

×