আম্পানের ক্ষতি কাটিয়ে উঠতে ১১ লাখ ইউরো দেবে ইইউ
আম্পানের ক্ষতচিহ্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২০ | ০১:৪৮ | আপডেট: ২৭ মে ২০২০ | ০১:৫৫
সুপার সাইক্লোন আম্পানের ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে ১১ লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ’র ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কমিশনার জ্যানেজ লিনার্কিক বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আমরা বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে কোনো প্রকার বিলম্ব না করেই ঘূর্ণিঝড় দুগর্ত এলাকার জনগণকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খবর বাসসের
তিনি বলেন, এই ঝড় এমন এক সময়ে আঘাত হানে, যখন দেশটিতে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে জনগণের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা খুবই গুরুত্বপূর্ণ। একটি সংকটের ওপর এটি আরো একটি সংকট।
জ্যানেজ লিনার্কিক আরো বলেন, ইইউ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জনগণের তাৎক্ষণিক প্রয়োজনটি শনাক্ত করবে এবং মানবিক সহায়তার পাশাপাশি মহামারির বিস্তার থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায়ও পদক্ষেপ নেবে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতে এই দুঃখজনক ঘটনার খবর শুনে আমরা মর্মাহত হয়েছি। তিনি এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানিতে দুঃখ ও শোক প্রকাশ করেন।
এই ঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ইইউ’র কোপার্নিকাস জরুরি ব্যবস্থাপনা সার্ভিস বাংলাদেশ ও ভারতকে স্যাটেলাইট ম্যাপ দিয়ে সহায়তা করছে বলেও উল্লেখ করেন লিনার্কিক।