ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

যুগ্ম-সচিব পদে ১৩২ কর্মকর্তার নজিরবিহীন পদোন্নতি

যুগ্ম-সচিব পদে ১৩২ কর্মকর্তার নজিরবিহীন পদোন্নতি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৯:০৩ | আপডেট: ০৫ জুন ২০২০ | ১০:০৭

করোনাভাইরাসের মহামারির মধ্যেই প্রশাসনের ১৩২ উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের মধ্যে ১২৩ জনের নামে শুক্রবার ছুটির দিনে নজিরবিহীনভাবে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন ৬ জন। আর ৯ জন লিয়েনে থাকায় তাদের নামে প্রজ্ঞাপন জারি হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচকে নিয়মিত ব্যাচ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ব্যাচের ১০০ কর্মকর্তার মধ্যে প্রশাসনে কাজ করছেন ৯২ জন। এর মধ্যে ৮৯ জন কর্মকর্তা উপ-সচিব হয়েছেন। তিনজন কর্মকর্তা এখনও উপ-সচিব হতে পারেননি। তবে ৮৯ জন উপ-সচিবের মধ্যে যুগ্ম-সচিব হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন ৮৩ জন কর্মকর্তা। তাদের মধ্যে ৭০ কর্মকর্তাকে শুক্রবার পদোন্নতি দেওয়া হয়েছে। বাকি ১৩ কর্মকর্তা যোগ্যতা থাকার পরও পদোন্নতি বঞ্চিত হয়েছেন। এছাড়া যোগ্যতা থাকার পরও আগে পদোন্নতি বঞ্চিত (লেফটআউট) নবম ব্যাচের একজন, দশম ব্যাচের দু'জন, ১১তম ব্যাচের একজন, ১৩তম ব্যাচের চারজন, ১৫তম ব্যাচের একজন, ১৭তম ব্যাচের চারজন এবং অন্যান্য ক্যাডার থেকে ৪০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। 

যুগ্ম-সচিবের স্থায়ী পদের সংখ্যা ৪১১টি। বর্তমানে ওই পদে ৬১৬ জন কর্মকর্তা কর্মরত থাকার পরেও নতুন করে ১৩২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হলো। অথচ স্থায়ী পদ না থাকায় অনেক যুগ্ম-সচিবকে উপসচিবের ডেস্কেই কাজ করতে হচ্ছে। সে হিসেবে নতুন পদোন্নতিপ্রাপ্তদের বেশির ভাগকেই ইনসিটু (আগের পদেই দায়িত্ব পালন) থাকতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বড় কোনো দুর্যোগের মধ্যে ছুটির দিনে এবারই প্রথম পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ বর্তমানে প্রতিটি পদেই অনেক বেশি কর্মকর্তা রয়েছেন। তারপরও ছুটির দিনে  নজিরবিহীনভাবে পদোন্নতির প্রজ্ঞাপন জারি হলো। অন্য কোনো ক্যাডারে এভাবে ঢালাও পদোন্নতি দেওয়া হয় না বলেও জানা গেছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন সমকালকে বলেন, 'ছুটির দিনে পদোন্নতি দেওয়া যাবে না এমন কোনো নির্দেশনা নেই। করোনা পরিস্থিতিতে অনেক কাজই আমরা ছুটির মধ্যে করছি।'

আরও পড়ুন

×