বিমানের চার্টার্ড ও কার্গো ফ্লাইটের চাহিদা বাড়ছে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৯:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মহামারি করোনার মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিমানের চার্টার্ড ও কার্গো ফ্লাইটের চাহিদা বেড়েছে। গত মাসে এই ফ্লাইটের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ লাভ হয়েছে; চলতি মাসেও এই অবস্থা বিদ্যমান থাকবে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা এতথ্য জনিয়েছেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক সমকালকে বলেন, মহামারি করোনার মধ্যে দিনদিন বাড়ছে বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিমানের চার্টার্ড ও কার্গো ফ্লাইট। গত মাসে এই ফ্লাইট পরিচালনা করে প্রায় ৪০ কোটি টাকা লাভ করছে বিমান। চলতি মাসে (জুন) এ খাত থেকে প্রায় ১০০ কোটি লাভ হবে।
এ ব্যপারে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোকাব্বির হোসেন সমকালকে বলেন, নতুন নতুন আন্তর্জাতিক রুটে বিমানের চার্টার্ড ও কার্গো ফ্লাইটের চাহিদা বাড়ছে। এরইমধ্যে আন্তর্জাতিক রুটে কয়েকটি দেশের সঙ্গে বিমানের কয়েকটি চার্টার্ড ও কার্গো ফ্লাইটের চুক্তির বিষয়ে কথাবার্তা চলছে।
তিনি বলেন, জাতীয় পতাকবাহী এ রাষ্ট্রীয় বিমান সংস্থার ফ্লাইট পরিচালনায় বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। নিয়মের বাইরে এ সংস্থার কেহই চলতে পারে না। প্রত্যেকের জবাবদিহতা রয়েছে।
রাষ্ট্রীয় এ বিমান সংস্থার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সমকালকে বলেন, যাত্রী সংকটের কারণে বাতিল হচ্ছে বিমানের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। ১ জুন চালুর পড় থেকে যাত্রী সংকট দেখা দেয় বিমানে।
তিনি আরও বলেন, যাত্রী সংকটে শুক্রবার ও শনিবার বিমানের অভ্যন্তরীণ সব রুটে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দীর্ঘ প্রায় আড়াইমাস বন্ধ থাকার পর ১ জুন থেকে চালু হয়েছে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট। এতে ফ্লাইট পরিচালনা করছে জাতীয় পতাকাবাহী বিমান, বেসরকারি নভো এয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স।
এ ছাড়া বিমানের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় টিকিটের মূল্য নির্ধারণ করা আছে বিমানে। এই নির্ধারিত মূল্যের চেয়ে কমে টিকিট বিক্রি করা সম্ভব না বিমানে। এ ছাড়া বিমানের চেয়ে বেসরকারি এয়ারলাইন্সগুলোর টিকিটের মূল্য কম। এ কারণে অভ্যন্তরীণ রুটে যাত্রী কমেছে বিমানে।