চিকিৎসকের দেওয়া প্লাজমায় সেরে উঠছেন র্যাব সদস্য
প্লাজমা দেওয়া ডা. মো. শাকিল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০৯:৫৯ | আপডেট: ০৮ জুন ২০২০ | ১০:৪২
সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের এক চিকিৎসকের দেওয়া প্লাজমায় সেরে উঠছেন করোনা আক্রান্ত সেই র্যাব সদস্য। র্যাব-১৩ রংপুরে কর্মরত র্যাব সদস্যকে এখন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধানে ইমপালস্ হাসপাতালে চিকিৎসাধীন। এরইমধ্যে তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, ৫২ বছর বয়সী ওই র্যাব সদস্য গত ২৭ মে করোনায় আক্রান্ত হন। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যায় ভুগছিলেন। ৩১ মে পর্যন্ত তাকে রংপুরে চিকিৎসা দেওয়া হয়। পরে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে র্যাবের নিজস্ব হেলিকপ্টারে আনা হয় ঢাকায়। গত ৭ জুন হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্লাজমা দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্লাজমা দেওয়ার আহবান জানানো হয়।

র্যাব জানায়, মানবিক আহবানে সাড়া দিয়ে আক্রান্ত র্যাব সদস্যকে প্লাজমা দিতে এগিয়ে আসেন মিটফোর্ড হাসপাতালের সার্জিকেল বিভাগের চিকিৎসক মো. শাকিল। তিনি প্লাজমা দেওয়ার ফলে আক্রান্ত র্যাব সদস্য এখন সেরে ওঠার পথে। এ জন্য র্যাবের পক্ষ থেকে ডা. শাকিলকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।