ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

লিবিয়ায় মানবপাচার-হত্যাকাণ্ড, একজনের দায় স্বীকার

লিবিয়ায় মানবপাচার-হত্যাকাণ্ড, একজনের দায় স্বীকার
×

প্রতীকী ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২০ | ১২:৫৫

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা ও মানবপাচারের ঘটনায় করা মামলায় গ্রেফতার সুজন মিয়া দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। অপরদিকে দুই মানবপাচারকারী আকবর আলী ও নাজমুল হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার তেজগাঁও থানায় মাবনপাচার আইনে করা মামলায় ওই দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি সুজন মিয়াকেও কারাগারে পাঠানো হয়।

এদিকে, রাজধানীর পল্টন থানায় করা অপর দুই মামলায় গ্রেফতার তিনজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- বাদশা মিয়া, জাহাঙ্গীর মিয়া ও লিয়াকত শেখ ওরফে লিপু। পুলিশের করা ১০ দিনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একই আদালত সোমবার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার গোয়েন্দা বিভাগের একাধিক টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে চারটি পাসপোর্ট, দুইটি মোবাইল ফোন ও টাকার হিসাব সম্বলিত দুইটি নোট বুক উদ্ধার করে।

গত ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হয় আরও ১১ জন।

আরও পড়ুন

×