শাহবাগে জড়ো হচ্ছেন ৩৫ প্রত্যাশীরা
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শাহবাগে ৩৫ প্রত্যাশীরা। ছবি: সমকালের ফেসবুক লাইভ থেকে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১৩:২৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ১৩:৪৩
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আবারও শাহবাগে জড়ো হয়েছেন ৩৫ প্রত্যাশীরা।
রোববার দুপুরে সেখানে জড়ো হয়ে সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান তারা। এসময় সরকারের জারি করা বয়স ৩২ কে লাল কার্ড দেখাতে দেখা যায় তাদের।
আন্দোলনে আসা শিক্ষার্থীরা এসময় লাল কাগজে ৩২ লিখে আনেন। এসময় বয়স ৩২ এর প্রজ্ঞাপনকে তারা প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখান।
অবস্থান কর্মসূচিতে আসা এক শিক্ষার্থী বলেন, ৩২ এর যে নাটক মঞ্চস্থ করা হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি। আমরা চাকরির বয়সসীমা ৩২ চাইনি। চাকরির বয়স ৩৫ না করা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।
আরেক শিক্ষার্থী বলেন, বয়স ৩৫ করার এই আন্দোলন ২০১২ সাল থেকে চলমান। গত ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় আমরা যখন বৈঠকে বসি তখন উপদেষ্টাদের কাছে আমরা চাকরির বয়সসীমা ৩৫ এর যৌক্তিকতা তুলে ধরি। কিন্তু পরবর্তী সময়ে এর আশানুরূপ ফল আমরা দেখিনি। তাই আজ আমরা আবার শাহবাগে জড়ো হয়েছি।
প্রসঙ্গত, সোমবার (১৮ নভেম্বর) সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আপাতত বলবৎ অন্য কোনো আইন, বিধিমালা, প্রবিধানমালা, আদেশ, নির্দেশ বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের বিধানাবলি প্রাধান্য পাইবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে ৩২ বছর। স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থায় চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর বা অনূর্ধ্ব ৩২ বছর উল্লেখ রহিয়াছে, সর্বত্র উক্ত বয়সসীমা ৩২ বছর প্রতিস্থাপিত হইবে। এ ছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমতো প্রবিধানমালা বহাল থাকিবে।
- বিষয় :
- চাকরিতে প্রবেশের বয়সসীমা