ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া প্রতিরোধ এক টিকায়!

ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া প্রতিরোধ এক টিকায়!
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২০ | ১২:০০ | আপডেট: ১৩ জুন ২০২০ | ১৫:৩২

মাত্র একটি টিকা দিয়েই ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়াসহ মশাবাহিত যে কোনো সংক্রামক রোগ প্রতিরোধে এবার আশার আলো দেখা দিয়েছে। এরই মধ্যে এমন একটি টিকা তৈরি করা হয়েছে যা মানব শরীরে পরীক্ষার প্রথম পর্যায়ে রয়েছে। মশাবাহিত জীবাণু নয়, সরাসরি মশার লালা থেকেই এটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের বিজ্ঞানী ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ জেসিকা ম্যানিং ও তার সহযোগীরা। এ ক্ষেত্রে তারা মশার লালা থেকে পাওয়া একটি বিশেষ প্রোটিনকে কাজে লাগান।

এই টিকা শরীরে গিয়ে এমন অ্যান্টিবডি তৈরি করবে যা মশাবাহিত যে কোনো সংক্রমণ আটকাতে পারবে বলে গবেষকরা বেশ আশাবাদী। তারা বলছেন, এটি সফল হলে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, হলুদ জ্বর, পশ্চিম নাইল বা মেয়ারোর মতো ভাইরাস প্রতিরোধ করা যাবে। গত বৃহস্পতিবার চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেটে গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়। এতে বলা হয়েছে, একটি অ্যানোফিলিস মশার লালা থেকে তৈরি টিকা ৪৯ জন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির শরীরে প্রয়োগ করা হয়েছে। এটি নিরাপদ। মানুষের শরীরে এ টিকা অ্যান্টিবডি এবং কোষের প্রতিক্রিয়া ক্ষমতা বাড়িয়ে তুলতে সক্ষম। এবার এই টিকা দেওয়ার কয়েক সপ্তাহ পরে ব্যক্তিকে মশার কামড় দিয়ে দেখা হবে শরীরে কতটা অ্যান্টিবডি তৈরি হয়েছে। যদি দেখা যায় ব্যক্তির শরীরে কোনো সংক্রমণ ঘটেনি, আরও কয়েকবার মশার কামড় দেওয়া হবে। এর পরও সুস্থ থাকলে বোঝা যাবে রোগ প্রতিরোধে যথেষ্ট শক্তিশালী অ্যান্টিবডি তৈরিতে সক্ষম এই টিকা।

জেসিকা ম্যানিং ও তার টিমের দাবি, তারা সফল হলে আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এটা হবে বড় আবিস্কার। সূত্র :রয়টার্স

আরও পড়ুন

×