বন্দরে ৩ নম্বর সংকেত
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৪:৪৩
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ওই বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে বর্ষণ অব্যাহত থাকতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে,উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি হচ্ছে।এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বুধবার সকালে আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে,মৌসুমী বায়ুর অক্ষ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
অধিদপ্তর বলছে, পরবর্তী ২৪ ঘন্টায় বরিশাল ,চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারিধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
- বিষয় :
- আবহাওয়া