ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

আলভারেজের নিজেকে ফিরে পাওয়া

আলভারেজের নিজেকে ফিরে পাওয়া
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ০৮:৫১

বিশ্বকাপের আয়নায় নিজেকে ঝাপসা দেখছিলেন হুলিয়ান আলভারেজ। শেষ ষোলোর ম্যাচ পর্যন্ত কঠিন পরিশ্রম করেও দেখা পাননি গোলের। প্রথম পাঁচ ম্যাচে তাঁর নেওয়া একটি শটও খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল। হতাশায় ডুবতে থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড অবশেষে গোল পেলেন কোয়ার্টার ফাইনালে। শনিবার কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় গোলটি করেন তিনি। ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচটিতে গোল পাওয়ায় খুশি আলভারেজ। মুক্তির স্বাদ পেলেন যেন তিনি, ‘এটি ছিল আবেগের এক বিশাল মুক্তি। আমি খুব খুশি।’

ক্লাব ফুটবলে দারুণ খেলছিলেন আলভারেজ। প্রথম মৌসুমে ২৬ গোল করেন অ্যাথলেটিকো মাদ্রিদের পক্ষে। বিশ্বকাপের বাছাই ম্যাচেও করেন পাঁচটি গোল। সেখানে বিশ্বকাপের পাঁচ ম্যাচে গোল না পাওয়া একজন স্ট্রাইকারের জন্য হতাশার। সুইজারল্যান্ডের বিপক্ষে ১১২ মিনিটে গোলবন্ধ্যত্ব কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। 

১০ জনের সুইসের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের জয় নিয়ে আলভারেজ বলেন, ‘গুরুত্বপূর্ণ হলো আমরা জিতেছি। একজন ফরোয়ার্ড হিসেবে গোল করে দলের জয়ে অবদান রাখার ইচ্ছা থাকে। কিন্তু আমাদের রক্ষণ, আক্রমণ একসঙ্গে সামলাতে হয়। তাই দল জিতলেই খুশি হই। আমার মনে হয়, আগের চেয়ে ছন্দ দেখাতে পারছি মাঠে। আশা করি, শেষের ম্যাচগুলোতে আরও ভালো খেলব।’ কাতার বিশ্বকাপে চারটি গোল করা আলভারেজ প্রথম ম্যাচসেরা হলেন। তিনি বলেন, কোয়ার্টার ফাইনালে ভালো খেলা উন্নতি প্রমাণ করে।

আর্জেন্টিনা টানা ম্যাচ জিতলেও লড়াই করতে হচ্ছে শেষ পর্যন্ত। নকআউটের ম্যাচগুলোয় প্রতিপক্ষ চাপে ফেলছে নিয়মিত। কেন এমন হচ্ছে– সে ব্যাখ্যাও দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, ‘আমরা দেখছি বিশ্বকাপের সব ম্যাচই আসলে কঠিন। আমাদের মতো প্রতিপক্ষ দলকেও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। অতিরিক্ত সময় পর্যন্ত গড়াচ্ছে ম্যাচ। আমরা জানি, শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচ জিততে হয়। সর্বস্ব দিয়ে চেষ্টা করে শেষ মুহূর্তে গোলও করছি। ম্যাচ জিততে পারাটাই আসল।’ 

সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমীহের চোখেই দেখছেন অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড, ‘বিশ্বের সেরা চারটি দলের মধ্যে থাকতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমরা জানি, ইংল্যান্ডের খেলোয়াড়রা অসাধারণ। তারা একটি দুর্দান্ত দল, যারা এই বিশ্বকাপে ভালো খেলছে। আমাদেরও প্রস্তুতি নিতে হবে সেরাটা খেলার।’

আরও পড়ুন

×