ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

দেশে ১৬ দিনে করোনায় আক্রান্ত ৫০ হাজার

দেশে ১৬ দিনে করোনায় আক্রান্ত ৫০ হাজার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০৮:০৩ | আপডেট: ১৮ জুন ২০২০ | ০৮:১৬

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশে নতুন করে ৩ হাজার ৮০৩ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ অতিক্রম করেছে। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৯২ জন।

দেশে করোনা শনাক্তের হিসেব বিশ্লেষণ করে দেখা গেছে, এই এক লাখের মধ্যে প্রথম ৫০ হাজার শনাক্ত হয়েছে ৮৭ দিনে। আর পরের ৫০ হাজার শনাক্ত হয়েছে মাত্র ১৬ দিনে। 

করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবার রাতের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনার আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ এখন বিশ্বে ১৭ তম। প্রতিবেশি ভারত ও পাকিস্তান বাংলাদেশের উপরে। আক্রান্তের সংখ্যায় বিশ্বে ভারত এখন চতুর্থ। সেখানে মোট আক্রান্ত তিন লাখ ৬৬ হাজার। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অংশ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশে করোনাভাইরাস আগামী দুই থেকে তিন বছর বা তারও বেশি দিন থাকবে। তবে এই সময়ে সংক্রমণের মাত্রা উচ্চহারে নাও থাকতে পারে। 

ডা. আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ একটি জনবহুল ও অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ।  করোনাভাইরাসও অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস। এ কারণে অসতর্ক চলাফেরা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে না চললে সংক্রমণের হার মোকাবিলা করা কঠিন। এদিকে দীর্ঘদিন অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখলে কর্মহীনতা, আয় রোজগারের পথ বন্ধ হওয়াসহ অন্যান্য সামাজিক-অর্থনৈতিক কারণেও ব্যাপক অপুষ্টিজনিত রোগবালাইয়ে অনেক মৃত্যু ঘটতে পারে। সে কারণে জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষায় সরকারকে কাজ করতে হচ্ছে। 

উল্লেখ্য, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন

×