অর্থ পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের এমডি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫ | ০২:১৩
অভ্যন্তরীণ বাণিজ্যের আড়ালে প্রায় ৩৪ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ওয়াসিউর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার রাজধানীর মধ্যবাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়াসিউর বেক্সিমকো গ্রুপের করপোরেট গ্যারান্টেড সহযোগী প্রতিষ্ঠান ‘ওটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। গতকাল বৃহস্পতিবার সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে জনতা ব্যাংকের মতিঝিল দিলকুশা লোকাল অফিস শাখা থেকে ওটাম লুপ অ্যাপারেলসের তিনটি এলসি/সেলস কন্ট্রাক্ট গ্রহণ করে। ২০২০ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ৯ মাস প্রতিষ্ঠানটি আমদানির নামে পণ্য রপ্তানি করে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির চার মাসের মধ্যে রপ্তানি মূল্য দেশে ফেরত আনার বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি তা আনেনি।
সিআইডি জানায়, তদন্তে জানা যায় ওটাম লুপ অ্যাপারেলস ইচ্ছাকৃতভাবে রপ্তানি মূল্য দেশে ফেরত না এনে অর্থ পাচার করেছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অপরাধ। ওয়াসিউর প্রতিষ্ঠানটির এমডি ও শেয়ারহোল্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ও অন্যান্য এজাহারনামীয় আসামিরা পরিকল্পিতভাবে স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানির মাধ্যমে প্রায় ৩৪ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মতিঝিল থানায় একটি মামলা করা হয়। বর্তমানে মামলাটি সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত করছে।
গ্রেপ্তার ওয়াসিউরকে গতকাল আদালতে তুলে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে বলে জানান এসএসপি আজাদ।
