ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুলের জামিন

কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুলের জামিন
×

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ | ১৬:১৩ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ | ১৬:৪০

সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে পল্টন থানায় করা মামলায় জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের জামিন দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এতে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী নিহার হোসেন ফারুক।

এর আগে গত ১৮ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে শহিদুল ইসলাম বাবুল আত্মসমর্পণ করেন। এরপর তার আইনজীবী নিহার হোসেন ফারুক আপিলের শর্তে জামিন চান।

লিখিত আবেদনে নিহার হোসেন ফারুক আদালতে বলেন, মামলাটির দরখাস্তকারী একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি আদালত এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপিলের শর্তে স্বেচ্ছায় আত্মসমর্পনপূর্বক জামিনের আবেদন করেছেন। তিনি জামিন পাওয়ার হকদার। জামিন পেলে তিনি পলাতক হবেন না এবং উপযুক্ত স্থানীয় জামিনদার দেওয়া হবে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২৩ সালের ২৩ নভেম্বর শহিদুল ইসলাম বাবুলকে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। আরেক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন আদালত।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশান যান। এসময় দলের নেতাকর্মীরা পল্টন এলাকায় সরকারবিরোধী স্লোগান দেয়। ভিআইপি রোড বন্ধ করে ভাঙচুরের চেষ্টা চালান। এ ঘটনায় পল্টন মডেল থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিল ওইদিনই মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা একই থানার এসআই আতাউর রহমান। মামলার সব কার্যক্রম শেষে ২০২৩ সালের ২৩ নভেম্বর রায় দেন আদালত।

আরও পড়ুন

×