খাদ্য নিরাপত্তা নিশ্চিত, প্রশিক্ষণ, গবেষণা ও বাজার সম্প্রসারণে জোর
বাংলাদেশ–চীন কৃষিপণ্যের বাণিজ্য সহজীকরণে দ্বিপাক্ষিক বৈঠক
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ | ০২:০১
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষিপণ্যের বাণিজ্য বাড়াতে রপ্তানি–আমদানি প্রক্রিয়া সহজীকরণ, বাজার সম্প্রসারণ এবং উদ্ভিদ স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের (জিএসিসি) মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। চীনের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জিএসিসির ভাইস মিনিস্টার ওয়াং লিংজুন। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ কৃষি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষ কৃষি খাতে সহযোগিতা জোরদারের ওপর জোর দেয়। আলোচনায় উঠে আসে রপ্তানি ও আমদানি প্রক্রিয়া সহজীকরণ, অগ্রাধিকার পণ্যগুলোর বাজার সম্প্রসারণ, কাস্টমস ও কোয়ারেন্টাইন সহযোগিতা, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা এবং ভবিষ্যত সহযোগিতার কাঠামো তৈরি।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে বলেন, সম্প্রতি বাংলাদেশের আম চীনা বাজারে প্রবেশের অনুমোদন কৃষিপণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। তিনি জানান, শিগগিরই কাঁঠাল, পেয়ারা, আলু এবং সুগন্ধি চালের পরীক্ষামূলক চালান পাঠানোর উদ্যোগ নেওয়া হতে পারে।
উভয় দেশ নষ্টযোগ্য পণ্যের প্রক্রিয়া সহজীকরণ, উদ্ভিদ স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সহযোগিতা বাড়ানো, পরিদর্শন ও পরীক্ষাগারের ফলাফলের পারস্পরিক স্বীকৃতি এবং ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের ব্যাপারেও একমত হয়।
বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধি দল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করে। কৃষিপণ্যের বাণিজ্য বাড়াতে ও নতুন সহযোগিতার পথ খুঁজে বের করতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই দেশের প্রতিনিধিরা।
- বিষয় :
- খাদ্য নিরাপত্তা
